ইছামতী নদী থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

যশোরের বেনাপোল বন্দর থানার দৌলতপুর সীমান্তে ইছামতী নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বেনাপোল বন্দর থানার পুলিশ যৌথভাবে তাঁর মৃতদেহ উদ্ধার করে।
নিহতের নাম ইসারত হোসেন (৩০)। তিনি বেনাপোল বন্দর থানার ভবারবেড় গ্রামের আইয়ুব আলীর ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, আজ সকালে বেনাপোল বন্দর থানার দৌলতপুর বিজিবি ক্যাম্পের পাশে বাংলাদেশের অভ্যন্তরে ইছামতী নদীতে ইসারত হোসেনের মরদেহ ভাসছিল। এলাকাবাসী মরদেহটি ভাসতে দেখে বিজিবি ও পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে দৌলতপুর বিজিবি ক্যাম্প থেকে বিজিবি এবং বেনাপোল বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইছামতী নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে।
ইসারত হোসেনের বাবা আইয়ুব আলী জানান, দুই দিন আগে ইসারত অবৈধভাবে ভারতে যান। তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ইসারতের লাশ উদ্ধার করা হয়েছে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ইসারত নদীর পানিতে ডুবে মারা গেছেন।’