ইছামতী নদীতে মাছ চাষ করছেন চেয়ারম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতী নদীর প্রায় চার কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া ও জাল দিয়ে আটকে নৌচলাচল বন্ধ করে চলছে মাছ চাষ। চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। শিকারীপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l হাসান রাজা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতী নদীর প্রায় চার কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া ও জাল দিয়ে আটকে নৌচলাচল বন্ধ করে চলছে মাছ চাষ। চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। শিকারীপাড়া এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l হাসান রাজা

বর্ষায় ইছামতী নদীর দুই তীর ছুঁইছুঁই পানি। ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের বাজারের সামনে নদীর ওপর বিশাল সেতু। তার তলায় নদীর ভেতরে দুই তীর পর্যন্ত আড়াআড়ি বাঁশ-কাঠের খুঁটি, আর জাল দিয়ে আটকে রাখা। শিকারীপাড়া বাজার ছাড়াও মহেশপুর, গরিবপুর, হাগরাদী বাজার ও মনিকান্দা এলাকাতেও দেখা গেল ভরা নদীতে একইভাবে বাঁশ-জালের বেড়া। নদীর প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে এভাবে প্রতিবন্ধকতা তৈরি করে মাছ চাষ করছেন শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমোর রহমান খান।
নদীকে বেঁধে ফেলে মাছ চাষ করায় জলযান চলাচল বন্ধ। আগে বর্ষায় নৌকা চলাচল করত, বাইচ হতো। তা আর হয় না। জলজ প্রাণীর চলাচল ও স্বাভাবিক পানিপ্রবাহও বাধাগ্রস্ত। বাঁশ-জালের বাঁধের বিপরীত প্রান্তে জমে আছে কচুরিপানার স্তূপ। বর্ষার পর শুষ্ক মৌসুমে অবস্থা আরও বেশি খারাপ হয়। তখন নদীতে পানিপ্রবাহ কমে যায়। অনেকটা বদ্ধ পুকুরে পরিণত হয় নদীর এই অংশ। মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয় নদী, পানি পচে দুর্গন্ধ ছড়ায়।
স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা অনেকবার এ নিয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। বিআইডব্লিউটিএর পক্ষ থেকে বেশ কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদী থেকে এই মাছের ঘের অপসারণ করা হয়েছে। কিন্তু অভিযানের পরে চেয়ারম্যানের লোকেরা আবারও বাঁশ-জালের বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করে।
প্রায় পাঁচ বছর ধরে চলছে এই অবস্থা। আগে এই নদীতে আশপাশের সাতটি গ্রামের ছয় শতাধিক পরিবারে পেশাদার জেলেরা মাছ ধরতেন। মাছ চাষ শুরু করায় চেয়ারম্যানের লোকেরা তাদের আর নদীতে নামতে দিচ্ছে না। এমনকি নদীর পাড়ের সাধারণ লোকদেরও গোসল বা অন্যান্য প্রয়োজনে নদীতে নামতে বাধা দিচ্ছে চেয়ারম্যানের লোকেরা। নদীতে হাঁস নামলে সেগুলোও তারা ধরে ফেলে। স্থানীয় বাসিন্দাদের মারপিট করারও অভিযোগ রয়েছে। ফলে মাছ চাষের এলাকায় নদীর দুই তীরবাসীর প্রাত্যহিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
গত রোববার সরেজমিনে এলাকাটি ঘুরে দেখা গেছে কাশিয়াখালি বেড়িবাঁধ এলাকায় প্রায় তিন শ মিটার চওড়া ইছামতী নদীতে বাঁশ ও জালের বেড়া। এই বেড়িবাঁধ থেকে শিকারীপাড়া বাজার হয়ে বাহেরচর, বক্তার নগর পর্যন্ত প্রায় চার কিলোমিটার বাঁধের ভেতরে। স্থানীয় বাসিন্দারা জানালেন, নদীর প্রায় আটটি স্থানে এমন বাঁধ দেওয়া হয়েছে। দাউদপুরের জেলে অমর হালদার, পাঞ্জিপ্রহরী গ্রামের মন্টু হালদার, আনন্দ নগরের মরণ বর্মণসহ অনেক পেশাদার মৎস্যজীবী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, শিকারীপাড়া, পাঞ্জিপ্রহরী, বক্তার নগর, আনন্দ নগর, দাউদপুর, খানেরপুর ও বান্দুরা গ্রামে ছয় শতাধিক জেলে পরিবারের বাস। তারা বংশপরম্পরায় ইছামতী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু বছর পাঁচেক ধরে তাদের নদীতে নামতে দেওয়া হচ্ছে না।
বাহেরচরের আলাউদ্দিন, মনু, শিকারীপাড়ার মোখলেসসহ অনেকে অভিযোগ করেছেন, মাছ চাষ শুরুর পর থেকে তাঁদের হাঁস নদীতে নামতে পারে না। চেয়ারম্যানের লোকেরা হাঁস ধরে নিয়ে যায়। এভাবে পাঁচ শর বেশি হাঁস তারা ধরে নিয়েছে। লোকে এখন হাঁস পালনই প্রায় বন্ধ করে দিয়েছে।
শিকারীপাড়া বাজারের ব্যবসায়ী আলী হোসেন জানান, এই ইছামতী নদীতে তাঁরা লঞ্চে যাতায়াত করেছেন। এখন নৌকাও চলে না। ২০০১ সালে (দাশের কান্দিতে) বেড়িবাঁধ দেওয়ায় ইছামতীর উৎসমুখে বালু জমতে থাকে। ফলে নদীর ধারা ক্ষীণ হয়ে পড়ে। এলাকাবাসী চান, উৎসমুখ খনন করে এখানে একটি স্লুইসগেট বসিয়ে নদীর পানিপ্রবাহ আবার স্বাভাবিক করা হোক।
চেয়ারম্যান আলীমোরের উপকারভোগী কমিটি সম্পর্কে শিকারীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক এবং নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাবেক ইউপি সদস্য প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান তাঁর নিজের লোকজনকে নিয়ে একটি পকেট কমিটি করে এলাকার নদীনালা দখল করে নিচ্ছে।
ইউপি চেয়ারম্যান আলীমোর রহমানের সঙ্গে কথা হলো তাঁর বাড়িতে। তিনি বললেন, কাশিয়াখালি বেড়িবাঁধের কারণে ইছামতীতে পানিপ্রবাহ কমে যায়। শুকনো মৌসুমে পানি প্রায় থাকেই না। এই পরিস্থিতিতে ২০১৩ সালে মৎস্য অধিদপ্তর নদীর ৭ কিলোমিটার এলাকা খনন করে এখানে মাছ চাষের প্রকল্প নেয়। খননের জন্য ২২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। স্থানীয় জেলে, মুক্তিযোদ্ধা ও উপকারভোগীদের নিয়ে ১০৪ সদস্যের একটি কমিটি প্রকল্পটি পরিচালনা করছে। তিনি এই কমিটির সভাপতি। তাঁরা ‘ইছামতী মরা নদী পুনঃখনন ও মৎস্যচাষ প্রকল্প’ নামের এই প্রকল্পে সাড়ে তিন কিলোমিটার নদী খনন করে রেণুপোনা উৎপাদন ও মাছ চাষ করছেন। বছরে প্রায় ১৫ লাখ টাকার মাছ উৎপাদিত হচ্ছে। খরচ হয় প্রায় ১০ লাখ টাকা। লাভের টাকা উপকারভোগীদের মধ্যে বণ্টন করা হয় এবং একটি অংশ ইউনিয়নের উন্নয়নকাজে ব্যয় করা হয়।
নদীর প্রবাহ বন্ধ করে মাছ চাষ করা ঠিক হচ্ছে কি না জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘মৎস্য অধিদপ্তর নদীর নাব্যতা নিয়ে চিন্তা করে না। তাদের চিন্তা দেশে মাছ উৎপাদন নিয়ে।’ এই মাছ চাষ প্রকল্প কত দিন চলবে জানাতে চাইলে তিনি বলেন, প্রথমে পাঁচ বছরের মেয়াদ। তবে আমরা যত দিন চালাব তত দিন চলবে। আশপাশের লোকদের নির্যাতন করা, নদীতে নামতে না দেওয়া—এসব বিষয়ে তিনি বলেন, তাঁরা কারও ওপর কোনো জোর জুলুম করেন না। লোকে ঈর্ষাপ্রসূত অপপ্রচার চালায়।
জানতে চাইলে নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন এসেছি। বিস্তারিত জানি না। ইছামতী নদীতে এই মাছ চাষ প্রকল্পের ফাইলটি নিয়ে কাজ করব।’
ইছামতী নদীতে মাছ চাষ প্রকল্প সম্পর্কে জানতে গত বৃহস্পতিবার ঢাকায় মৎস্য ভবনে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আজমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে মরা খাল, নদ-নদী খনন করে মৎস্য চাষের জন্য ‘বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প’ (এফসিডিআই) নামে তাঁদের একটি প্রকল্প রয়েছে। জলাধারগুলো সাধারণত স্থানীয় প্রশাসন সুবিধাভোগীদের কাছে লিজ দেয়। মৎস্য অধিদপ্তর কেবল মাছ চাষ সম্পর্কে বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। নবাবগঞ্জের ইছামতী নদীর প্রকল্পটির ক্ষেত্রেও তারা শুধু মাছ চাষের বিষয়ে কারিগরি সহায়তা দিয়েছেন। অনিয়ম, দখল, জনগণকে নির্যাতনসহ অন্য বিষয়গুলো স্থানীয় প্রশাসন দেখে।
এ বিষয়ে নবাবগঞ্জ-দোহারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরেজমিনে গিয়ে এসব অভিযোগের বিষয় তদন্ত করা হবে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। অনিয়ম দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
প্রতিবেদনে সহায়তা করেছেন প্রথম আলোর নবাবগঞ্জ প্রতিনিধি।