ইজারা দিতে নদীর শ্রেণি পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরে পুরোনো খোয়াই নদীর একটি অংশ ইজারা দিতে গিয়ে এর শ্রেণি পরিবর্তন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক। পরিবেশবাদীরা বলছেন, নদীর শ্রেণি পরিবর্তনের এখতিয়ার জেলা প্রশাসকের নেই।
জেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে পুরোনো খোয়াই নদী। এ নদী মাহমুদাবাদ এলাকার (শায়েস্তানগর গাউছিয়া মাদ্রাসার পাশে) অংশের ২৮ শতক জমি ইজারা পাওয়ার জন্য গত বছরের ৮ ডিসেম্বর একটি আবেদন করেন একই এলাকার বাসিন্দা আয়ারল্যান্ডপ্রবাসী সাগর আহমেদ (শামীম)। তিনি তাঁর আবেদনে উল্লেখ করেন, নদীটি প্রাকৃতিকভাবে ভরাট হয়ে গেছে। নদীর ১৭০৫ দাগে ২৮ শতক জমি তিনি ইজারা নিতে চান। ইজারাকৃত ভূমিতে তিনি ব্যক্তিগত উদ্যোগে তাসনুভা শামীম ফাউন্ডেশন নামে একটি প্রতিবন্ধী পুনর্বাসনকেন্দ্র স্থাপন করবেন।
এসএ খতিয়ান অনুযায়ী, ১৭০৫ দাগটি পুরোনো খোয়াই নদীর অংশ। এতে জমির পরিমাণ তিন একর ৬০ শতক। এসএ রেকর্ডে উল্লেখ রয়েছে, এটি নদী। জেলা প্রশাসক নদীর এ অংশটুকু সাগর আহমেদকে ইজারা দিতে গিয়ে এর শ্রেণি পরিবর্তন করেছেন। আরএস করে ১১৬২১, ১১৬২৩, ১১৬২৪ ও ১১৬২৬-এ চারটি নতুন দাগ করা হয়েছে। এ চার দাগে মোট ২৫ শতক ৫৯ অযুতাংশকে ডোবা শ্রেণির জমি দেখানো হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এ শ্রেণি পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয় গত ২৫ ফেব্রুয়ারি।
নদী ও জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব চৌধুরী আহসানুল হক সুজা বলেন, শহরে এত জায়গা থাকতে জেলা প্রশাসক কেন নদীর শ্রেণি পরিবর্তন করতে গেলেন—বিষয়টি সন্দেহজনক। এ ছাড়া আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানের নামে জমি দখলের হিড়িক চলছে। নদীর শ্রেণি পরিবর্তনও দখলের একটি অংশ বলে তিনি মনে করেন।
জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, নদী তো এখন আর নদী নেই। মানুষ তা দখল ও ভরাট করে নিয়েছে। যিনি প্রতিবন্ধী পুনর্বাসনকেন্দ্র করতে চান তিনি তো এই এলাকার লোক। তাঁকে এ জমি ইজারা দেওয়ার জন্য শহরের বিশিষ্ট লোকজন সুপারিশ করেছেন।
নদীর শ্রেণি পরিবর্তনের এখতিয়ারও তাঁর রয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, এ ধরনের নদীর শ্রেণি পরিবর্তন করতে পারেন না জেলা প্রশাসক। তবে অবক্ষয়কৃত জলাশয় হলে বিভাগীয় কমিশনার শ্রেণি পরিবর্তন করতে পারেন। তা-ও আবার এ জমি ইজারা দিতে হলে একমাত্র মৎস্য চাষ বা আহরণের জন্য দেওয়া যায়। খোয়াই নদীর ক্ষেত্রে যা করা হয়েছে, তা অবৈধ পন্থায় করা হয়েছে।