ইজারা না নিয়েই হাসপাতালের পাশে পশুর হাট
নারায়ণগঞ্জ নগরের নবাব সলিমুল্লাহ সড়কে মেডিস্টার জেনারেল হসপিটাল নামের একটি বেসরকারি হাসপাতালের পাশে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। সিটি করপোরেশন থেকে ইজারা না নিয়েই আনিসুর রহমান নামের এক ব্যবসায়ী ওই হাট বসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আনিসুর রহমান ওই হাটের ইজারাই পাননি। তিনি কৌশলে আদালতের মাধ্যমে নির্দেশনা নিয়ে হাটটি বসিয়েছেন। সরকারকে রাজস্ব না দিয়েই ওই হাট থেকে আদায় হওয়া হাসিলের সব টাকা হাতিয়ে নেওয়ার জন্য তিনি এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ জনদুর্ভোগ ও হাসপাতালের রোগীদের সমস্যার কথা বিবেচনা করে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে হাটটি বাতিল করার অনুরোধ করেছিল।
অনুসন্ধানে জানা গেছে, সিটি করপোরেশন গত ৪ সেপ্টেম্বর স্থানীয় কয়েকটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ১৮টি হাটের দরপত্র আহ্বান করে। এর মধ্যে ওই বেসরকারি হাসপাতালের পাশে তিতাস গ্যাসের ৪০ শতাংশ খালি জমিতে বসানো হাটটিও আছে। জেলা প্রশাসক ১০ সেপ্টেম্বর ও পুলিশ সুপার খন্দকার মহিউদ্দিন ১৪ সেপ্টেম্বর সিটি মেয়রের কাছে চিঠি পাঠিয়ে হাটটি বন্ধ রাখার অনুরোধ করেন। চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবিত হাটটির সীমানা দেয়ালসংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের অদূরে জেলার সর্ববৃহৎ ৩০০ শয্যার নারায়ণঞ্জ হাসপাতাল, স্কুল, রামকৃষ্ণ মিশন মঠ, কয়েকটি ক্লিনিক ও আবাসিক এলাকা। তাই এখানে হাট বসালে যানজট, নগরবাসীর জীবনযাত্রা ব্যাহত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। চিঠি পাওয়ার পর সিটি করপোরেশন হাটটি বাতিল ঘোষণা করে।
ওই হাটের দরপত্রে শিডিউল কিনেছিলেন আনিসুর রহমান নামের এক ব্যবসায়ী। হাটটি বাতিল করার ঘোষণা জানতে পেরে তিনি সিটি করপোরেশনকে বিবাদী করে নারায়ণগঞ্জের চতুর্থ সহকারী জজ আদালতে আবেদন করেন ২৯ সেপ্টেম্বর। আবেদনে বাদী পশুর হাটের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সিটি করপোরেশন যাতে বাদীকে বাধা দিতে না পারে, সে জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানি না হওয়া পর্যন্ত বিবাদীর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদন করেন। গত বৃহস্পতিবার অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের শুনানি শেষে চতুর্থ সহকারী জজ মাজহারুল ইসলামের আদালত ‘হাট বসানোর ক্ষেত্রে বিবাদীপক্ষ কোনো হস্তক্ষেপ করতে পারবে না’ মর্মে নির্দেশনা দেন।
এ-সংক্রান্ত মামলায় আবেদনের শুনানিতে অংশ নেওয়া সিটি করপোরেশনের আইনজীবী আবদুল কুদ্দুস মিয়া বলেন, স্থানীয় সরকার আইন অনুযায়ী সিটি করপোরেশন এলাকায় সিটি করপোরেশনই হাট ইজারা দিতে পারে। দরপত্রের শিডিউলে উল্লেখ ছিল, ‘কোনো কারণ দর্শানো ছাড়া যেকোনো মুহূর্তে দরপত্র বাতিল হতে পারে। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বহাল রাখার সিদ্ধান্তের সুযোগে এখানে হাটটি বসানো হয়েছে। সিটি করপোরেশন হাট বসানোর জন্য কাউকে কার্যাদেশ দেয় নাই। এই হাটের ভ্যাট ও অন্যান্য রাজস্ব সরকারি কোষাগারে কীভাবে জমা হবে, তা বোধগম্য নয়।’
হাটের উদ্যোক্তা আনিসুর রহমান বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পরই তাঁরা হাট বসিয়েছেন। তিনি দাবি করেন, তিনি জমিটি হাট বসানোর উপযোগী করার জন্য ১০ লাখ টাকা খরচ করেছেন। এ ছাড়া তিনি গরু আনার জন্য ব্যাপারীদের অগ্রিম ৩০ লাখ টাকা দিয়েছেন। হাট না বসাতে পারলে তাঁর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বলে তিনি আদালতকে জানিয়েছিলেন।