ইজারা নিয়ে বিভিন্ন সড়কে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন সড়কে প্রতিদিন প্রকাশ্যে বিভিন্ন পণ্যবাহী যান থেকে রসিদ দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। এভাবে চাঁদা আদায় করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, নগরীর পুরোনো বাণিজ্যিক এলাকা টানবাজার, নয়ামাটি, উকিলপাড়া, ডাইলপট্টিতে সুতা, রং, কেমিক্যাল, হোসিয়ারি পণ্য, থান কাপড়, লবণ, ভোজ্যতেলের কয়েক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ও গুদাম আছে। এসব প্রতিষ্ঠানের পণ্যবাহী বিভিন্ন ধরনের যান থেকে সিটি করপোরেশনের নামে পণ্য ওঠানো-নামানোর (লোড-আনলোড) জন্য রসিদ দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। প্রতিটি বড় কাভার্ড ভ্যান থেকে ২০০, বড় ট্রাক থেকে ১০০, ছোট ট্রাক থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।
নারায়ণগঞ্জ লবণ আড়তদার মালিক সমিতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য থানা পুকুরপাড় স্ট্যান্ডটি সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নেয়। কিন্তু সমিতির সভাপতি টোল আদায়ের দায়িত্ব দেন সবুজ ইকবাল নামের এক ব্যক্তিকে। সবুজ সিটি করপোরেশনের নামে পণ্য ওঠানো-নামানোর ফি আদায়ের রসিদ বই ছাপিয়ে সেখানে নিজের ও সভাপতির নাম লিখেছেন। চাঁদা আদায়ের আওতাভুক্ত এলাকা উল্লেখ করা হয়েছে থানা পুকুরপাড় স্ট্যান্ড আওতাধীন মণ্ডলপাড়া পুল থেকে করিম মার্কেট, হৃদম প্লাজা থেকে ১ নং গেট, চেম্বার রোড, গলাচিপা মোড়, রিভারভিউ থেকে নিতাইগঞ্জ ডাইলপট্টি মোড় পর্যন্ত। তবে চাঁদা বেশি আদায় করা হলেও রসিদ দেওয়া হয় ৫০ টাকার।
গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই সব রাস্তা ঘুরে দেখা যায়, ব্যস্ততম বাণিজ্যিক এলাকার প্রধান সড়কের পাশে যেকোনো ধরনের পণ্যবাহী যানবাহন এমনকি পণ্যবাহী রিকশাভ্যান থামলেও সেখান থেকে চাঁদা তোলা হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী সড়কে (চেম্বার রোড) রসিদ দিয়ে চাঁদা তোলার কাজে নিয়োজিত পিন্টু নামের এক ব্যক্তি বলেন, তিনি প্রতিদিন ৩০০ টাকা মজুরির বিনিময়ে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদা আদায়ের কাজ করেন। সবুজ ইকবাল তাঁর মতো আরও ১৮ জনকে দৈনিক মজুরির বিনিময়ে সড়কে চাঁদা তোলার কাজ দিয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বলেন, শুধু থানা পুকুরপাড় এলাকায় পণ্য ওঠানো-নামানোর স্ট্যান্ড এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে লবণ আড়তদার মালিক সমিতির কাছে। ইজারার শর্ত অনুযায়ী, প্রতিটি বড় কাভার্ড ভ্যান থেকে ১৫০, বড় ট্রাক থেকে ৭৫, ছোট ট্রাক থেকে ৪০, লবণ ও সোডার ট্রাক থেকে ৫০ টাকা হারে পার্কিং ফি আদায় করা যাবে। অন্য কোনো রাস্তা থেকে সিটি করপোরেশনের নামে কোনো টোল, চাঁদা আদায় সম্পূর্ণ অবৈধ। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সবুজ ইকবাল বলেন, ‘আমি লবণ আড়তদার মালিক সমিতির সভাপতি মামুন অর রশিদের কাছ থেকে টাকার বিনিময়ে টোল তোলার দায়িত্ব কিনে নিয়েছি। সিটি করপোরেশন যে জায়গা ইজারা দিয়েছে, সেই থানা পুকুরপাড় এলাকায় স্থান সংকুলান না হওয়ায় বেশি সংখ্যক ট্রাক লোড-আনলোড করা যায় না। তাই আমরা আশপাশের রাস্তায় পার্কিং করা পণ্যবাহী ট্রাক লোড-আনলোডের সময় রসিদ দিয়ে টোলের টাকা নিই।’
এ বিষয়ে জানতে মামুন অর রশিদের মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।