ইজারা নেওয়া ঘর থেকে উচ্ছেদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে এক বিধবার ইজারা নেওয়া দোকানঘর জেলা পরিষদের প্রশাসক তাঁর আত্মীয়ের নামে বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আনোয়ারা বেগম নামের ওই নারী।
সংবাদ সম্মেলনে আনোয়ারা বেগম লিখিত অভিযোগে উল্লেখ করেন, তাঁর স্বামী গিয়াস আহম্মেদ শহরে জেলা পরিষদের দোতলা ভবনের নিচতলার ৪ নম্বর দোকানঘরটি ১৯৮০ সালে তৎকালীন বগুড়া জেলা পরিষদের কাছ থেকে ইজারা নেন। সেই সময় তিনি ইজারার ২২ হাজার টাকা জমাও দেন। এরপর থেকেই তাঁর স্বামী ঘরটিতে ঘড়ির দোকান দিয়ে ব্যবসা করছিলেন। ব্যবসা করা অবস্থায় হঠাৎ তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়লে ঘরটি ২০০৬ সালের দিকে হানিফ পরিবহনের কাছে ভাড়া দেওয়া হয়। ২০০৯ সালে তাঁর স্বামী মারা যান। এ অবস্থায় ঘরটির ভাড়া দিয়ে প্রতিবন্ধী এক সন্তানকে নিয়ে তিনি সংসার চালাচ্ছিলেন।
আনোয়ারা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামীর মৃত্যুর পর বিষয়টি জেলা পরিষদকে না জানানো এবং সাবলিজ দেওয়ার অভিযোগে ইজারার ৩৫ বছর পর গত মার্চ মাসে তাঁকে ঘর থেকে উচ্ছেদ করা হয়। এরপর ঘরটি শহরের আরাফাত নগরের মেসার্স মদিনা এন্টারপ্রাইজের মালিক এনায়েতুল্লাহ আকন্দের নামে নতুন করে বরাদ্দ দেওয়া হয়। এনায়েতল্লাহ আকন্দ জেলা পরিষদের প্রশাসক সোলায়মান আলীর শ্যালক।
এ ব্যাপারে আনোয়ারা বেগম জেলা পরিষদের প্রশাসকসহ পাঁচজনের বিরুদ্ধে জয়পুরহাট আদালতে গত আগস্ট মাসে একটি মামলা দায়ের করেন।
অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, তাঁরা হানিফ পরিবহনের সঙ্গে লিখিত চুক্তি করে ঘরটি সাবলিজ দিয়ে ইজারার শর্ত ভঙ্গ করেছেন। এ ছাড়া ইজারার মালিক গিয়াস আহম্মেদ মারা যাওয়ার পর নাম পরিবর্তনে তাঁর ওয়ারিশরা জেলা পরিষদে লিখিত আবেদনও করেননি।
নতুন করে লিজ দেওয়া মদিনা এন্টারপ্রাইজ সম্পর্কে সোলায়মান আলী বলেন, দরপত্রের মাধ্যমে মদিনা এন্টারপ্রাইজ ঘরটি সর্বোচ্চ দরদাতা হিসেবে বরাদ্দ পেয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।