ইজারাদার ও কুলির হাতে জিম্মি যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে পটুয়াখালী থেকে আসা আনোয়ার হোসেনের কাছ থেকে একটি লাগেজের জন্য দেড় শ টাকা দাবি করেন সদরঘাটের এক কুলি। ১০০ টাকা না দেওয়ায় আমতলী থেকে আসা বয়োবৃদ্ধ সেরাজুল ইসলামের মাথা থেকে টান দিয়ে চালের বস্তা মাটিতে ফেলে দেন কুলিরা।
ঈদ করতে প্রবাসী শাহীনূর আহমেদ ভোলায় থাকা মা-বাবার জন্য দুটি কম্বলের প্যাকেটসহ একটি লাগেজ নিয়ে সদরঘাট টার্মিনাল ভবনের ভিআইপি গেটের সামনে নামতেই কুলিদের খপ্পরে পড়েন। নিজেই জাহাজ পর্যন্ত মাল নেবেন বলেও ছাড় পেলেন না। তাঁকেও ৫০০ টাকা ঈদ বকশিশসহ মালামালের জন্য দেড় হাজার টাকা দিতে হয়েছে।
তিনটি ঘটনাই গতকাল শনিবারে সদরঘাট টার্মিনালের। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য উপস্থিত থাকলেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি। উপস্থিত পুলিশ কর্মকর্তা মাঈনুল বলেন, ‘এগুলো টার্মিনালের নিত্যঘটনা, কুলি-যাত্রীর হইচই।’
চাঁদা তোলেন যাঁরা: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২০১০ সালে ইজারা প্রথা বাতিল করে ‘শ্রম যার মজুরি তার’ নীতি চালু করে। অর্থাৎ যাত্রী নিজে মালামাল বহন করলে টোল দিতে হবে না। আর কুলির মাধ্যমে মাল বহন করালে সরকারনির্ধারিত কেজিপ্রতি এক টাকা হারে টোল দিতে হবে। কিন্তু এর পরও সদরঘাটের ইজারা দেওয়া হয়েছে আলমগীর হোসেন নামের এক জাহাজ ব্যবসায়ীকে। তিনি আবার বিভিন্ন পয়েন্টে সাব-ইজারা দিয়েছেন।
বিআইডব্লিউটিএর একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানান, আলমগীর হোসেন টার্মিনালের ৫ নম্বর গেটে ‘আলগা পয়েন্টে’র সাব-ইজারা দিয়েছেন আবুল সরদারকে। তাঁর পক্ষে অর্থ তোলেন বিল্লাল ও জাকির। ভিআইপি এলাকার সাব-ইজারা পেয়েছেন মো. বাচ্চু। সাব-ইজারাদার মিঠু সরদারের পক্ষে পার্কিং মাঠের টাকা তোলেন শওকত এবং সিএনজিস্ট্যান্ডে গাড়িপ্রতি ২০ টাকা তোলেন রুবেল। সাব-ইজারাদার পাপন সরদারের পক্ষে ২ নম্বর ঘাটের টাকা তোলেন লাকশাম। ৩ নম্বর ওয়াইজঘাট পয়েন্টের সাব-ইজারাদার বাবু সরদারের পক্ষে টাকা তোলেন শরিফ। ৩ ও ৪ নম্বর ওয়াইজঘাটের সিঁড়ির পাশে ত্রিপল দিয়ে জুয়ার বোর্ড চালান মিঠু সরদার। পন্টুন এলাকায় হকারদের টুকরিপ্রতি ১৬০ করে টাকা নেন ইজারাদার আলমগীরের প্রতিনিধি লোকমান ও আজিজুল।
কুলিদের হাতে যাত্রী হয়রানির বিষয়টি স্বীকার করেন ঢাকা নদীবন্দরের কর্মকর্তা ও যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রায়ই যাত্রী হয়রানির অভিযোগ শুনি। কিন্তু হয়রানির শিকার যাত্রীরা অভিযোগ না করে নিজেরাই টাকাপয়সা দিয়ে মেটান বলে ব্যবস্থা নিতে পারি না। তবে আমাদের পক্ষ থেকে তদারকিও বাড়ানো হচ্ছে।’