ইজারাদারকে হটিয়ে বালু তুলছেন আ.লীগ নেতা?
দিনাজপুরের পার্বতীপুর ট্রাক্টর মালিক সমিতির ইজারা নেওয়া বালুমহাল থেকে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা জোরপূর্বক বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে ইজারাদার সমিতির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের নেতা মজিবর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
পার্বতীপুর রেলওয়ে পার্কের মিডিয়া কর্নারে গত বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাক্টর মালিক সমিতির উপদেষ্টা মশিউর রহমান ও সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ বলেন, ইজারা পাওয়ার পর বাংলা ১৪২২ সনের ১ বৈশাখ থেকে ওই বালুমহাল থেকে বালু তোলা শুরু করেন। এর প্রায় চার মাস পর চণ্ডীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বল প্রয়োগ করে সমিতির লোকজনকে বালু তোলা বন্ধ করতে বাধ্য করেন। এখন তিনিই সেখান থেকে অবৈধভাবে বালু তুলছেন। বিষয়টি তখন মৌখিকভাবে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হককে জানানো হলেও প্রতিকারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মজিবর রহমান বলেন, ‘আমি কোনো শক্তি প্রয়োগ করিনি। জেলা প্রশাসনের দেওয়া শর্ত পূরণ করেই বালু তুলছি।’ তবে জেলা প্রশাসনের কী ধরনের শর্ত পূরণ করেছেন, তা স্পষ্ট করে বলেননি তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) দপ্তর থেকে গত ১৬ ফেব্রুয়ারি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বড়হরিপুর গ্রামের ছোট যমুনা নদীর বালুমহাল ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়। অন্যান্য প্রতিষ্ঠানের মতো পার্বতীপুর ট্রাক্টর মালিক সমিতি দরপত্র দাখিল করে। ১ এপ্রিল সর্বোচ্চ দরপত্রদাতা হওয়ায় ট্রাক্টর মালিক সমিতি ইজারা পায়। দরপত্রের শর্তানুযায়ী ট্রাক্টর মালিকদের পক্ষে সমিতির প্রধান উপদেষ্টা মশিউর রহমান দরপত্রের টাকা সরকারি কোষাগারে জমা দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক এলাহি বলেন, ইজারাদারদের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া উচিত।