মেহেরপুরে পশুর হাটগুলোতে ইজারাদারেরা ইচ্ছামতো অতিরিক্ত হাসিল আদায় করছেন। তাঁরা পৌরসভার নীতিমালার ধার ধারছেন না। নীতিমালা অনুযায়ী, প্রতিটি গরুর জন্য ২০০ ও ছাগলপ্রতি মাত্র ৫০ টাকা হাসিল দেওয়ার কথা। আর তা দেবেন ক্রেতা। কিন্তু বিক্রেতার কাছ থেকেও হাসিল আদায় করা হচ্ছে।
সদরের বারাদি বাজারের ছাগলের হাটে হাসিল আদায়-সংক্রান্ত কোনো নিয়মাবলি কিংবা তালিকা টাঙানো নেই। এতে ক্রেতা-বিক্রেতারা রয়েছেন অন্ধকারে। তাঁরা বেকায়দায় পড়ছেন। অতিরিক্ত হাসিল দিতে বাধ্য হচ্ছেন। এই হাটে ২২ আগস্ট ওহিদুল ইসলাম নামের এক ব্যক্তি কোরবানির জন্য একটি ছাগল পছন্দ করেন। বিক্রেতার সঙ্গে দরদাম করে ১০ হাজার ৯০০ টাকায় সাব্যস্ত হয়। এ সময় তাঁদের কাছে এসে হাজির হন ইজারাদারের প্রতিনিধি রফিকুল মিয়া। তিনি ক্রেতার কাছে ৫০০ ও বিক্রেতার কাছে ১০০ টাকা হাসিল দাবি করেন। এ নিয়ে ক্রেতার সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। শেষমেশ ক্রেতাকে ৫০০ টাকা হাসিল দিতেই হয়।
এ বিষয়ে জানতে চাইলে রফিকুল মিয়া বলেন, প্রশাসনের পক্ষ থেকে হাসিল আদায়ের কোনো তালিকা দেওয়া হয়নি। এ জন্য সমস্যা হচ্ছে। মাঝেমধ্যেই পশু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে তাঁদের ঝগড়া হয়।
শুধু বারাদি পশুর হাট নয়, মেহেরপুরের আরও বড় দুটি পশুর হাটে সরেজমিনে একই চিত্র দেখা গেছে। সদরের গোহাট, গাংনী উপজেলার বামুন্দি পশুর হাটসহ ছোট-বড় প্রায় সব কটি পশুর হাটেই চলছে ইজারাদারদের ইচ্ছামাফিক হাসিল আদায়। কোনো হাটেই হাসিল আদায়-সংক্রান্ত নির্দেশাবলি নেই। টাঙানো হয়নি। এ কারণে ক্রেতা-বিক্রেতারা জানতেও পারছেন না এ-সংক্রান্ত নীতিমালা কী। কে হাসিল দেবেন, আর কোন পশুর জন্য কত টাকা দেবেন।
গাংনী উপজেলার বামুন্দি পশুর হাটে সরেজমিনে ইজারাদারদের দেওয়া রসিদ দেখে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পশুর হাটগুলোতে আনা গরুপ্রতি শতকরা ২ টাকা ও ছাগলপ্রতি শতকরা ৫ টাকা হারে হাসিল আদায় করা হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে গরুপ্রতি ক্রেতাদের কাছ থেকে গড়ে ৫০০-৫৫০ টাকা আদায় করা হয়। এ নিয়ে প্রায়ই ঝগড়া হয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে পর্যন্ত গড়ায়।
মেহেরপুর সদরের গভিপুর গ্রামের গরু ব্যবসায়ী লিয়াকত মিয়া প্রথম আলোকে বলেন, তিনি ১১ বছর ধরে গরু-ছাগলের ব্যবসা করছেন। একটি ট্রলিতে তিনি সাতটি গরু নিয়ে বামুন্দি পশুর হাটে এসেছেন। গরুপ্রতি তাঁকে বিক্রি বাবদ ১৫০ থেকে ২০০ টাকা দিতে হয়। সব সময় তাঁর গরু বিক্রি করে লাভ হয় না। গরু বিক্রি করে লাভ না হলেও হাটের হাসিল কিন্তু কম হয় না। সরকারিভাবে হাসিল আদায়ের তালিকা থাকলে এ বিষয়ে তাঁদের জানাশোনা থাকত। সমস্যা হতো না। তিনি আরও বলেন, তিনি হাসিল না দিলে কিংবা এ বিষয়ে প্রতিবাদ করলে তাঁকে এখানে ব্যবসা করতে দেওয়া হবে না।
বামুন্দি হাট ইজারাদার কামাল হোসেন। বাড়ি কুষ্টিয়ার মেহেরপুর উপজেলায়। তিনি বলেন, ‘পৌর কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে হাসিল আদায়-সংক্রান্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই আমরা নিজেরাও জানি না আসলে কত টাকা আদায় করতে হবে।’
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি হাটবাজার ব্যবস্থাপনা নীতিমালায় স্পষ্ট উল্লেখ আছে, ইজারাদারকে অনুমোদিত হাসিল তালিকা বাজারে দৃশ্যমান স্থানে জনগণের জ্ঞাতার্থে টাঙিয়ে রাখতে হবে।
জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, ‘হাসিল আদায়-সংক্রান্ত পৌরসভার নীতিমালা আছে। সেই অনুযায়ী, গরুপ্রতি ২০০ ও ছাগলপ্রতি ৫০ টাকা হাসিল দেবেন শুধু ক্রেতা। বিক্রেতার কাছ থেকে কোনো হাসিল আদায় করা যাবে না। হাটগুলোতে এ-সংক্রান্ত নির্দেশাবলি টাঙানো না থাকার বিষয়টি আমার জানা ছিল না। আজ রোববার বৈঠকে এ-সংক্রান্ত আলোচনা হবে। ইজারাদারদের অবহিত করা হবে। হাটগুলোতে তালিকা টাঙানোর বিষয়ে নির্দেশ দেওয়া হবে। উপজেলা প্রশাসনকে পশুর হাটগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেব।’