ইজারাদারের হাতে জিম্মি বুড়িগঙ্গার ৫০০ মাঝি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গার মাঝি বৃদ্ধ কাঞ্চন মিয়া ভাড়া করা নৌকা চালান। কাকডাকা ভোরে বইঠা হাতে নেন। কাজ শেষ হতে বেজে যায় রাত ১২টা। আগানগর ঘাট থেকে মিটফোর্ড ঘাটে যাত্রী পারাপার করেন। কিন্তু তারপরও জীবন চলে না তাঁর। নৌকামালিককে প্রতিদিন দিতে হয় ৬০ টাকা। তিন বেলা খাওয়া বাবদ চলে যায় আরও দেড় শ টাকা। কাঞ্চন মিয়া বললেন, ঘাটমালিকেরা ডাকাতের চেয়েও খারাপ। টাকা না দিলে নৌকা চালাতে দেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু কাঞ্চন মিয়া নন, তাঁর মতো বুড়িগঙ্গায় আরও ৫০০ মাঝি আছেন। যাঁদের প্রত্যেককে প্রতিদিন খাজনা দিতে হয় ৮০ থেকে ১০০ টাকা। ঈদের আগে এই খাজনা ছিল ৬০ থেকে ৭০ টাকা। কিছুদিন আগে তা বাড়ানো হয়েছে। কিন্তু এ নিয়ে কারও প্রতিবাদ করার সাহস নেই।
কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ প্রথম আলোকে বলেন, বুড়িগঙ্গার শত শত মাঝির কাছ থেকে প্রতিদিন ৮০ থেকে ১০০ টাকা করে আদায় করছেন ঘাটমালিক। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গরিব মাঝিদের দিকে তাকিয়ে বুড়িগঙ্গায় ইজারাব্যবস্থা তুলে দেওয়া দরকার।
বৃদ্ধ মাঝি শফিউলের শরীর খারাপ। গায়ে জ্বর। তারপরেও চালাচ্ছেন নৌকা। শফিউল বললেন, ‘আমি থাকি নৌকায়। বুড়িগঙ্গা সেতুর নিচে। সকাল সাতটায় বইঠা হাতে নিয়েছি। চলবে সেই রাত ১১টা-১২টা পর্যন্ত।’

বুড়িগঙ্গা নদীতে প্রায় ৫০০ মাঝি নৌকা চালান। তাঁদের প্রত্যেককে প্রতিদিন খাজনা দিতে হয় ৮০ থেকে ১০০ টাকা। ছবিটি গতকাল আগানগর ব্রিজ ঘাট থেকে তোলা l প্রথম আলো
বুড়িগঙ্গা নদীতে প্রায় ৫০০ মাঝি নৌকা চালান। তাঁদের প্রত্যেককে প্রতিদিন খাজনা দিতে হয় ৮০ থেকে ১০০ টাকা। ছবিটি গতকাল আগানগর ব্রিজ ঘাট থেকে তোলা l প্রথম আলো

ঘাটমালিকের টাকা দেওয়ার কথা বলার একপর্যায়ে শফিউল বলেন, ‘আমরা মাঝিরা হয়ে গেছি বুড়িগঙ্গার দাস। ৩০ বছর হলো নৌকা চালাই। আগেও নৌকায় রাত কাটিয়েছি, এখনো কাটাই। ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।’
আরও কয়েকজন মাঝির সঙ্গে আলাপ করে জানা গেল, ঘাটমালিক খাজনা বাড়ালেও তাঁরা ভাড়া বাড়াননি। একজন লোক পার করলে আগে নিতেন পাঁচ টাকা। এখনো সেই টাকা নেন। মাঝিদের এমন দাবির সত্যতা মেলে যাত্রীদের মুখে। আরিফুর রহমান নামের এক যাত্রী বলেন, মাঝিরা ভাড়া বাড়াননি।
বুড়িগঙ্গা নদীর ঘাটের ইজারা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ইজারা দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (সদরঘাট) গুলজার আলী প্রথম আলোকে বলেন, ঘাট ব্যবহার করলে একজন ব্যক্তিকে দুই টাকা খাজনা দিতে হয়। নৌকার মাঝিদের কাছ থেকে টাকা আদায় করে থাকেন ইজারাদার।
সরেজমিনে দেখা যায়, বুড়িগঙ্গাতীরের আগানগর ঘাটে টাকা আদায় করছেন মন্টু মিয়া। ঘাটমালিকের কর্মচারী হিসেবে মাঝিদের কাছ থেকে টাকা আদায় করেন তিনি। প্রথম আলোর কাছে টাকা আদায় করার কথা স্বীকারও করেন মন্টু মিয়া।
বুড়িগঙ্গার ঘাটমালিক মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘কীভাবে মাঝিদের কাছ থেকে টাকা আরও কম নেওয়া যায়, এ ব্যাপারে মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করছি।’
মাঝিদের কাছ থেকে খাজনা বাবদ এক শ টাকা আদায় করার বিষয়ে জানতে চাইলে নৌমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, আসলে ইজারাদারদের অমানবিক অত্যাচার-নির্যাতনের শিকার মাঝিরা। এগুলো বন্ধ হওয়া উচিত। মাঝিদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধের জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।