ইজারার আগেই কোরবানির পশুর হাট দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের খানপুরের বরফকল হাটের ইজারা না হলেও কোরবানির পশু তোলা হয়েছে। যুবলীগের স্থানীয় নেতা হিসেবে পরিচিত চঞ্চল মাহমুদের নেতৃত্বে অবৈধভাবে ওই হাট বসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা পুলিশ সুপার ও র্যা ব-১১কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং হাট থেকে কোরবানির পশু অপসারণের জন্য অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, কোরবানির পশুর হাট ইজারার জন্য বৃহস্পতিবার দরপত্র খোলার নির্ধারিত দিনে বরফকল হাটে তিনটি দরপত্রের মধ্যে সর্বোচ্চ দর পড়ে ১০ লাখ টাকা। ওই দরদাতা ছিলেন চঞ্চল মাহমুদ। অথচ গত বছর এই হাটটি ইজারা দেওয়া হয়েছিল ৩২ লাখ ২১ হাজার টাকায়। ২২ লাখ টাকা দর কম পড়ায় সিটি করপোরেশন এই হাটটির জন্য ১৭ সেপ্টেম্বর পুনঃদরপত্র আহ্বান করে। কিন্তু এর আগেই অবৈধভাবে বরফকল হাটে কোরবানির পশু তোলা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর হাটের ইজারা দেওয়ার একক ক্ষমতা সিটি করপোরেশনের।
গতকাল সরেজমিনে বরফকল মাঠে দেখা যায়, সেখানে কোরবানির দুই শতাধিক পশু তোলা হয়েছে।
চঞ্চল মাহমুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বলেন, ১৬টি পশুর হাটের মধ্যে ১১টির ইজারা সম্পন্ন হয়েছে। দর কম দাখিল হওয়ায় বরফকল হাটসহ পাঁচটি পশুর হাটের পুনঃ দরপত্র আহ্বান করা হয়েছে। খানপুর বরফকল মাঠে ইজারা সম্পন্ন হওয়ার আগেই হাট বসানোর কারণে ইজারা সম্পন্নের কাজ বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে।