ইজারার ও এনজিওর টাকা নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া চরের মগবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। নাটুয়ারপাড়া হাটের ইজারার টাকা ও একটি বেসরকারি সংস্থার টাকার বণ্টন নিয়ে এ ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটুয়ারপাড়া হাটের ইজারা নিয়ে ইউপি সদস্য আওয়ামী লীগ-সমর্থিত ফজলুল হক গংয়ের সঙ্গে একই এলাকার আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম গংয়ের বিরোধ চলছিল। বৈশাখ মাসে ফজলুল হকের লোক আবদুল বারিকের নামে হাট ইজারা নিলে নজরুল ও রহিম গংরা ক্ষিপ্ত হয়। বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এদিকে স্থানীয় গুলের মোড় এলাকার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের একটি বেসরকারি সংস্থার টাকা বণ্টন নিয়েও উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সংস্থাটি অধিক মুনাফা দেওয়ার কথা বলে এলাকার লোকদের কাছে থেকে গত কয়েক বছরে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নেয়। গ্রাহকেরা এই টাকা ফেরত চেয়ে না পেয়ে সংস্থার চেয়ারম্যান সেলিম রেজা ও পরিচালক রবিউল ইসলামকে আসামি করে মামলা করেন। পুলিশ সম্প্রতি সেলিম ও রবিউলকে গ্রেপ্তার করে। পরে তাঁরা জামিন পান। ১৭ মে সেলিম নাটুয়ারপাড়া গেলে এলাকার গ্রাহকেরা তাঁকে গুলের মোড় এলাকায় আটক করেন। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীসহ কতিপয় নেতা ৩০ মে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে সেলিমকে ছাড়িয়ে নেন। কিন্তু ৩০ মে টাকা না পেয়ে ২ শতাধিক গ্রাহক রহিমের বাড়িতে যান ও টাকা ফেরতের দাবি করেন। রহিম তাঁদের বিষয়টি ইসহাককে জানাতে বলেন। ঘটনাটি জানাজানি হলে ইসহাকের লোকজন রহিমকে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইসহাকের লোকজন রহিমের বাড়িতে হামলার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে কাজীপুর থানায় পৃথক মামলা হয়েছে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, এ ঘটনায় এক পক্ষ থেকে ফজলুল হক একটি মামলা করেছেন। অপর পক্ষের রহিম মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।