ইজারার তিন গুণ বেশি জমি দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
ফরিদপুর ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাজারে আওয়ামী লীগের এক নেতা ইজারা নেওয়া জমির চেয়ে তিন গুণ বেশি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বাবলাতলা বাজারটি ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে কুমার নদের পাড়ে অবস্থিত। স্থানীয় কয়েকজন জানান, ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গঙ্গাধরদী গ্রামের মতিয়ার রহমান, তাঁর জামাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ হোসেনসহ ১৩ জন ওই বাজারের সাড়ে ১৬ শতাংশ জমি ইজারা নেন। কিন্তু তাঁরা ইজারা নেওয়া জমির প্রায় তিন গুণ বেশি জমিতে একটি ঘর তোলেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গত শুক্রবার পুলিশি পাহারায় ঘর নির্মাণ করা হয়। তবে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আবদুল কাদের সরকারিভাবে চিঠি দিয়ে পুলিশ চেয়েছেন বলেই পুলিশ ঘটনাস্থলে গেছে।
এ ব্যাপারে ভাঙ্গা পাউবোর উপসহকারী প্রকৌশলী (এসও) আবদুল কাদেরের মুঠোফোনে ফোন করা হলে ধরেন অপর এক ব্যাক্তি। ‘এটি আবদুল কাদেরের নম্বর নয়’ বলে তিনি লাইন কেটে দেন।
চুমুরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাছিম শিকদার বলেন, বাজারের যে জায়গায় ঘরটি তোলা হয়েছে, সেটি গরুর হাট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখন গরু কেনাবেচায় সমস্যা হবে।
তবে ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মতিয়ার রহমানের দাবি, বেশি নয়, বরং ইজারা নেওয়া জমির চেয়ে কম জমিতে ঘরটি নির্মাণ করা হয়েছে। সেখানে গরুর হাট আগে বসত। এখন বসে না।
এ বিষয়ে ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, ইজারার সময় তিনি ছিলেন না। আবদুল কাদের জানিয়েছেন, রাজনৈতিক ও প্রশাসনিক লোকদের সুপারিশে সাড়ে ১৬ শতাংশ জমি ইজারা দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন বলেন, ইজারার চেয়ে বেশি জায়গা দখলের অভিযোগ এসেছে। কাগজপত্র দেখে ও এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসকের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে।