ইজারার শর্ত অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা পরিষদের অধীন খেয়াঘাটের ঠিকাদারেরা ইজারার শর্ত মানছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ঘাটগুলোতে জেলা পরিষদের দেওয়া নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো থাকছে না, যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া।
জেলা পরিষদ কার্যালয় জানায়, এ বছরের জন্য জেলা পরিষদের অধীনে থাকা ২৩টি খেয়াঘাট ইজারাদারদের পক্ষে বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা পরিষদের শর্ত অনুযায়ী, প্রতি খেয়াঘাটে ইজারাদার নিজ দায়িত্বে ভাড়ার তালিকা টাঙাবেন। সেই অনুযায়ী যাত্রী ও পণ্য পারাপার করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে শর্ত অনুযায়ী ইজারা বাতিল হয়ে যাবে।
জেলা পরিষদ কার্যালয় থেকে ঠিক করা তালিকা অনুযায়ী, প্রথম শ্রেণির ঘাটে মোটরসাইকেলের চালকসহ ভাড়া ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির ঘাটে এই হার ৮ থেকে ১০ টাকা। কিন্তু ইজারাদারেরা মোটরসাইকেলপ্রতি ভাড়া আদায় করছেন ৩০ থেকে ৬০ টাকা হারে। আবার একজন মানুষ পারাপারের জন্য মীরগঞ্জ ঘাটে ছয় টাকা, ঘাট পাতারহাটে চার টাকা এবং বাকিগুলোতে দুই থেকে তিন টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। কিন্তু ইজারাদারেরা একজন যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করছেন সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত।
সরেজমিনে দেখা গেছে, কোনো ঘাটেই ভাড়ার তালিকা-সংবলিত বোর্ড নেই। বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনি খেয়াঘাটে মোটরসাইকেল ভাড়া আদায় করা হচ্ছে ৬০ টাকা এবং যাত্রীদের কাছ থেকে ১০-১৫ টাকা। সরসি ঘাটে মোটরসাইকেল বাবদ ৫০ টাকা এবং যাত্রী ভাড়া ১০ টাকা। কাটাদিয়া ঘাটে মোটরসাইকেল ৩০ টাকা এবং যাত্রী পাঁচ টাকা। এ ছাড়া বাকেরগঞ্জের গোমা, সাহেবগঞ্জ-বেবাজ, বাবুগঞ্জের মীরগঞ্জ, সদর উপজেলার কীর্তনখোলা, বেলতলা খেয়াসহ ২৩ খেয়াঘাটের চিত্র মোটামুটি একই।
শিয়ালঘুনি ঘাটে মোটরসাইকেলের চালক আরিফুর রহমান অভিযোগ করেন, খেয়াঘাটগুলোতে মাঝিরা যা চায় তাই দিতে হয়। কারণ, কোনো খেয়াঘাটে ভাড়ার তালিকা নেই।
যাত্রী জিয়াউর রহমান বলেন, এই ঘাটে দুর্ভোগ সবচেয়ে বেশি। জোয়ারের সময় ভাড়া নেওয়া হয় ১০ টাকা। ভাটার সময় ভাড়া ১৫ টাকা।
ভাড়া কারা নির্ধারণ করেছে এবং ভাড়ার তালিকা টাঙানো হয়নি কেন, এ ব্যাপারে সরসি খেয়াঘাটের দায়িত্বে থাকা আবদুল খালেক হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো উত্তর দেননি।
কাটাদিয়া ঘাটের মাঝি ফিরোজ হাওলাদার বলেন, যাত্রীদের কাছ থেকে ভাড়া কম নেওয়া হয়।
এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, জেলা পরিষদের দেওয়া মূল্যতালিকার চেয়ে বেশি অর্থ আদায়ের সুযোগ নেই। অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ পেলে তাঁদের ইজারা বাতিল করা হবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।