ইজিবাইক ও বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫

ভোলার চরফ্যাশন উপজেলা শহরে গতকাল বুধবার ইজিবাইক ও বাসশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ২৫ জন আহত হন। যাত্রীবাহী বাস একটি ইজিবাইককে ধাক্কা দেওয়ায় এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা।
ঘটনার পরে ভোলা বাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও বাস আড়াআড়ি করে রাখে। এরপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উপজেলার দক্ষিণ চরফ্যাশন স্ট্যান্ড থেকে দক্ষিণ আইচার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ইজিবাইককে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি বাস। ইজিবাইকের চালক বাসচালকের কাছে ক্ষতিপূরণ চাইলে বাসশ্রমিকরা তাঁকে মারধর করেন।
ইজিবাইক চালক ঘটনাটি চরফ্যাশন ইজিবাইক-টেম্পো ও নছিমন-করিমন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের জানান। এরপর ইজিবাইক-টেম্পো মালিক সমিতির সভাপতি কুতুব জাহাঙ্গীরের নেতৃত্বে শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে চরফ্যাশন উত্তর বাসস্ট্যান্ডে হামলা চালিয়ে ১২টি বাস ভাঙচুর করেন।
পরে বাসশ্রমিক ও ইজিবাইক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
কুতুব জাহাঙ্গীর বলেন, ক্ষতিপূরণ চাইতে গেলে বাসচালক ইজিবাইকের চালক জসিমউদ্দিকে মারধর করেন। এ জন্য শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে বাসে হামলা করেছেন। বাসশ্রমিকেরা পাল্টা হামলা করে তাঁদের ১০ জন শ্রমিককে পিটিয়ে জখম করেছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
ভোলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম প্রথম আলোকে বলেন, রিকশা-টেম্পো শ্রমিকরা হামলা চালিয়ে ১২টি বাস ভাঙচুর ও ১৫ জন শ্রমিককে পিটিয়ে জখম করেছেন। অসাবধানতায় একটি ব্যাটারিচালিত রিকশায় (ইজিবাইক) বাসের ধাক্কা লাগে এটা সত্য। কিন্তু কোনো ক্ষতি না হলেও বাইকচালক ক্ষতিপূরণ দাবি করেন। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ভোলার আঞ্চলিক মহাসড়কসহ ১৩ রুটে বাস ধর্মঘট ও সড়ক অবরোধ চলবে বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় আমরা পুলিশ মোতায়েন করেছি। যান চলাচল শুরুর জন্য জোর চেষ্টা চালাচ্ছি।’