ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৪০) নামের ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে ভূঁইগড় হাকিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান রাতে প্রথম আলোকে বলেন, গতকাল রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার ভূঁইগড় হাকিমাবাদ এলাকায় চার-পাঁচজন দুর্বৃত্ত অটোরিকশা ছিনিয়ে নেওয়ার জন্য চালক দেলোয়ার হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় দেলোয়ারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় দেলোয়ারকে নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেলোয়ার ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকার আকবর আলীর ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।