ইজিবাইক ছিনতাইয়ের জন্য চালককে হত্যার অভিযোগ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় একটি লিচু বাগান থেকে সুজন সিকদার (২৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ভেড়ামারা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের জন্য সুজনকে হত্যা করা হয়েছে।
সুজন কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার সুখনগর বস্তির মঞ্জিল সিকদারের ছেলে। তাঁর বড় ভাই আলমগীর সিকদার বলেন, প্রতিদিনের মতো গতকাল সোমবার বিকেলে ইজিবাইক নিয়ে সুজন বাড়ি থেকে বের হয়েছিলেন। রাতে আর বাড়ি ফেরেননি। ফোন করা হলেও কেউ ধরেনি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার বলেন, ধারণা করা হচ্ছে হত্যার পর ইজিবাইক ছিনতাই করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেও এই হত্যাকাণ্ড হতে পারে। আজ সকালে সাতবাড়িয়া এলাকায় লিচু বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে সেখানে পুলিশ গিয়ে লাশের সুরতহাল করে। সেখানে পড়ে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে মৃতদেহের পরিচয় শনাক্ত করা হয়। ইজিবাইক উদ্ধার ও হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির ভাই আলমগীর সিকদার থানায় হত্যা মামলা করেছেন।