ইজিবাইক ছিনিয়ে নিতে তাঁরা যাত্রী সাজেন, জিম্মি করেন, করেন খুনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

যাত্রীবেশে ইজিবাইকে ওঠেন তাঁরা। পরে সুবিধামতো স্থানে গিয়ে চালককে জিম্মি করে ইজিবাইক, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। আর বাধা পেলে চালককে খুন করেন।
৭ ফেব্রুয়ারি গাইবান্ধার সাদুল্যাপুরের একবারপুর এলাকায় ইজিবাইকচালক আবদুল মজিদ মিয়া (৬০) খুনের ঘটনা তদন্ত করতে গিয়ে এমন একটি সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত রোববার গাইবান্ধায় অভিযান চালিয়ে মজিদ মিয়া হত্যায় জড়িত সন্দেহে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মিরু মিয়া (২৪), লাজু মিয়া (২৪), সাগর মণ্ডল (৪২) ও বেলাল চৌধুরী (৪০)।

সিআইডি বলেছে, গাইবান্ধার খোলাবাড়ি এলাকা থেকে সাদুল্যাপুর বাসস্ট্যান্ড যাওয়ার কথা বলে আবদুল মজিদের ইজিবাইকে ওঠেন চক্রের দুই সদস্য। সেখানে পৌঁছানোর পর চালক নেমে যাওয়ার জন্য বললে সময়ক্ষেপণ করতে থাকেন তাঁরা। পরে তাঁকে কৌশলে একবারপুর গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এরপর তাঁকে ফেলে ইজিবাইকটি নিয়ে বগুড়া শহরে চলে আসেন চক্রের ওই দুই সদস্য।

আজ সোমবার সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, এই চক্রের সদস্যরা গাইবান্ধা, বগুড়া, পঞ্চগড়, রংপুর, পাবনা ও যশোরে ইজিবাইক ছিনতাইয়ে জড়িত। ছিনতাইয়ের পর ইজিবাইক ও এর ব্যাটারি বগুড়ার দুটি দোকানে বিক্রি করতেন চক্রের সদস্যরা। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিরু মিয়া, লাজু মিয়া আবদুল মজিদকে খুন করার বিষয় স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, ছিনতাই করা ইজিবাইকটি বগুড়ায় নিয়ে আসার পর সাগর মণ্ডল ব্যাটারিবিহীন ইজিবাইকটি ১০ হাজার টাকায় কিনে নেন। বগুড়ার কামারগাড়ি পুকুরপাড় মার্কেটে মেসার্স রাফি ভাঙারি নামে সাগরের একটি দোকান রয়েছে। আর বেলাল ২০ হাজার ৭০০ টাকায় ব্যাটারি কিনে নেন। বগুড়ার বারোপুর বন্দরে বেলাল চৌধুরীর নাসিফ ট্রেডার্স নামের একটি দোকান রয়েছে। এই দুটি দোকানে ছিনতাই করা ইজিবাইক ও এর ব্যাটারি বিক্রি করেন চক্রের সদস্যরা।

৭ ফেব্রুয়ারি সাদুল্যাপুরের একবারপুর থেকে আবদুল মজিদের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন সাদুল্যাপুর থানায় নিহতের স্ত্রী সাহিরন বেগম একটি হত্যা মামলা করেন। থানা-পুলিশের পাশাপাশি মামলাটির ছায়া তদন্ত শুরু করে সিআইডি।