ইজিবাইক থেকে টেনে নামিয়ে শিক্ষককে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় মাধব চন্দ্র রায় (৪৫) নামের এক স্কুলশিক্ষককে প্রকাশ্য দিবালোকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ মাধব চন্দ্র এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গতকাল রোববার উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের ঘাটের পার এলাকায় এ ঘটনা ঘটে।
মাধব চন্দ্র গোলমুণ্ডা বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গোলমুণ্ডা ইউনিয়নের পশ্চিম তিলাই গ্রামের মৃত কেশবচন্দ্র রায়ের ছেলে। তিনি তাঁর পরিবার-পরিজন নিয়ে জলঢাকা উপজেলা শহরের কালীবাড়ি মহল্লার বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও একই বিদ্যালয়ের শিক্ষক রত্নেশ্বর রায় বলেন, গতকাল সকাল ১০টার দিকে তিনি ও মাধব চন্দ্র রায় উপজেলা শহরের কালীবাড়ি অটোরিকশা স্ট্যান্ড থেকে ইজিবাইকে চড়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় ওই একই অটোরিকশায় তাঁদের সঙ্গে ওঠেন অপরিচিত ২৫-৩০ বছর বয়সী আরও চার যুবক। অটোরিকশাটি জলঢাকা-ডালিয়া সড়কের ঘাটের পার এলাকায় পৌঁছালে ওই চার যুবক নামার কথা বলে চালককে থামাতে বলেন। ওই যুবকেরা শিক্ষক মাধব চন্দ্রকে টেনে নামিয়ে তাঁর পেটে রিভলবার ঠেকিয়ে গুলি করেন। এ সময় তিনি (রত্নেশ্বর) ইজিবাইক থেকে নেমে ছুটে পালান। এরপর আগে থেকে সেখানে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা পালিয়ে যান।
এলাকাবাসী গুলিবিদ্ধ মাধব চন্দ্রকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গোলমুণ্ডা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আইনুল হক (২৫) বলেন, ‘দিনদুপুরে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।’
মাধব চন্দ্রের বোন সাবিত্রী রানী রায় (৩০) বলেন, ‘আমার ছোট ভাই মানিক চন্দ্র রায়কে আমার খালা-খালু জোর করে খালাতো বোনের সঙ্গে বিয়ে দেন। এ নিয়ে তাঁদের সঙ্গে ঝামেলা ছিল। প্রায় দেড় মাস আগে ৫ লাখ ২০ হাজার টাকা দিয়ে আমার ছোট ভাইয়ের ডিভোর্স করানো হয়। এ ছাড়া আমাদের সঙ্গে আর কারও কোনো শত্রুতা নেই।’ ওই পক্ষ থেকে হামলার ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রূপায়ণ দাস বলেন, মাধব চন্দ্রের পেটের বাঁ দিক দিয়ে গুলি ঢুকে ডান দিয়ে বেরিয়ে গেছে। এ ছাড়া মাথার এক পাশেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ইজিবাইক চালক ইমদাদুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।