ইজিবাইক নিবন্ধনের নামে চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ইজিবাইক নিয়ে চলছে অন্য রকম চাঁদাবাজি। নিবন্ধনের নাম করে দেওয়া হচ্ছে একটি করে স্টিকার। আর ওই স্টিকারের জন্য ইজিবাইকপ্রতি নেওয়া হচ্ছে ২২০ টাকা।

স্টিকার দেওয়ার কাজটি করছে খুলনা মহানগর অটোবাইক মালিক-চালক সম্মিলিত পরিষদ। সংগঠনটি গঠিত হয়েছে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, খুলনা মহানগর ইজিবাইক শ্রমিক লীগ, খুলনা মহানগর ইজিবাইক মালিক সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অটোবাইক শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সমন্বয়ে।

অভিযোগ আছে, সম্মিলিত পরিষদ ২২০ টাকা নেওয়ার পাশাপাশি স্টিকার দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ইজিবাইকচালকের কাছ থেকে ৮০০ থেকে ১ হাজার টাকাও নিচ্ছে। শুধু তা-ই নয়, যেসব ইজিবাইকে স্টিকার নেই, সেসব ইজিবাইক শহরের মধ্যে চলাচল করতে বাধা দিচ্ছে সংগঠনটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর স্টিকার দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান। সেই থেকে নগরে মাইকিং ও হ্যান্ডবিল বিলি করা হচ্ছে। এসব হ্যান্ডবিলে সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের মুঠোফোন নম্বর দেওয়া আছে। স্টিকারের জন্য নিবন্ধন ফি নেওয়া হচ্ছে ২০০ টাকা। আর যে ব্যক্তি ফরম পূরণ করে দিচ্ছেন, তিনি নিচ্ছেন ২০ টাকা করে।

তবে এর বাইরেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রথম আলোর সঙ্গে এ রকম অন্তত ছয়জন চালকের কথা হয়েছে। তাঁদের কাছ থেকে সর্বোচ্চ প্রায় ১ হাজার টাকাও নেওয়া হয়েছে। এ ব্যাপারে অবশ্য সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার মুন্সির দাবি, সংগঠনের খরচ বাবদ ২০০ টাকা এবং যিনি ফরম পূরণ করছেন তিনি নিচ্ছেন ২০ টাকা। কারও কাছ থেকে এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অনেকে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন।

খুলনা নগরে ইজিবাইকের আধিক্য বেড়ে যাওয়ায় ২০১৫ সালের ১১ মে সার্কিট হাউস সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নগরে পাঁচ হাজার ইজিবাইক চালানোর সিদ্ধান্ত হয়। আর কোন কোন ইজিবাইক নগরের মধ্যে চলবে, তা ঠিক করতে দায়িত্ব দেওয়া হয় সাংসদ মিজানুর রহমান ও মুন্নুজান সুফিয়ানকে। সভায় সাংসদ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সিটি মেয়র আনিছুর রহমান বিশ্বাস, বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ খুলনার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খুলনা মহানগর অটোবাইক মালিক-চালক সম্মিলিত পরিষদেরআনোয়ার মুন্সির দাবি, ১১ মের সভা অনুযায়ী নগরের ইজিবাইকগুলো চিহ্নিত করতে ওই স্টিকার দেওয়ার কাজটি করা হচ্ছে। এর জন্য সাংসদ মিজানুর রহমান ও মুন্নুজান সুফিয়ানের অনুমতি নেওয়া হয়েছে। যাঁরা শুধু সিটি করপোরেশনের ভোটার, তাঁরাই এ স্টিকার পাবেন। এ পর্যন্ত ২ হাজারেরও বেশি স্টিকার লাগানো হয়েছে।

তবে এ ব্যাপারে সাংসদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, নগরের মধ্যে পাঁচ হাজার ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সিটি করপোরেশনের উদাসীনতার কারণেই এমনটি হচ্ছে। তিনি বলেন, যাঁরা স্টিকার দেওয়ার কাজ করছেন, তাঁদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। সংগঠনটি তাদের সদস্য বাড়ানোর কথা বলে স্টিকার দেওয়ার কাজ করছে বলে তাঁকে জানিয়েছিল। কিন্তু নিবন্ধনের নামে তাদের চাঁদাবাজির বিষয়ে তাঁর কিছু জানা নেই।