ইজিবাইক হারানোয় সালিসে জরিমানা, পরে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজিবাইক হারিয়ে ফেলায় সালিসে জরিমানা করা হয়েছিল নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে দুহুলী দোলাপাড়া গ্রামের মঞ্জুরুল আলমকে (৩০)। পরে আত্মহত্যা করেন তিনি। মঞ্জুরুল ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে।
এলাকাবাসী জানান, একই ইউনিয়নের দুহুলী বাজারপাড়ার রশিদুল ইসলামের একটি ইজিবাইক ভাড়ায় চালাতেন মঞ্জুরুল আলম। গত ১৪ ফেব্রুয়ারি যাত্রী নিয়ে রংপুর শহরে গিয়ে সেটি হারান মঞ্জুরুল। রশিদুল ইসলাম ইজিবাইক দাবি করলে গত রোববার সন্ধ্যায় দুহুলী বাজারে সালিস বৈঠকে মঞ্জুরুল আলমের কাছে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। মঞ্জুরুল ৩০ হাজার টাকা দিতে রাজি হন। এ অবস্থায় সালিস স্থগিত করে ওই অর্থ পরিশোধের দিন ধার্য করে ১ মার্চ পুনরায় একই স্থানে বৈঠকের আহ্বান করা হয়। এ ঘটনার পর রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মঞ্জুরুল আলম।
মঞ্জুরুল আলমের বাবা লিয়াকত আলী জানান, ওই বৈঠকের পর রাতে বাড়িতে এসে সামান্য ভাত খান মঞ্জুরুল। বাড়িতে আত্মীয় থাকায় এক প্রতিবেশীর বাড়িতে ঘুমাতে যান। গতকাল সোমবার সকালে বাড়ির ৫০ গজ দূরে একটি জামগাছের ডালে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক আবদুর রহিম বলেন, মঞ্জুরুল আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মঞ্জুরুলের বাবা লিয়াকত আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।