ইজিবাইকচালক খুন, আরেকটি লাশ উদ্ধার
মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এনায়েত খাঁ (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এনায়েত মেহেরপুর শহরের হোটেল বাজারপাড়ার বাসিন্দা। তিনি পেশায় ইজিবাইকের চালক ছিলেন।
এনায়েতের মা নুরজাহান খাতুন জানান, বৃহস্পতিবার বিকেলে এনায়েত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইকবাল বাহার চৌধুরী জানান, সদর উপজেলার টেংরামারী মাঠে যাওয়ার পথে কৃষকেরা হাত-পা বাঁধা অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইকটি নিয়ে গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
লাশ উদ্ধার: এদিকে কুষ্টিয়া শহরের গড়াই নদ থেকে ফারুক হোসেন (২৬) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টার দিকে শহরের বড় বাজারসংলগ্ন ঘট্টিয়া ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফারুক শহরের মিলপাড়া এলাকার আবদুল খলিলের ছেলে। তিনি পেশায় ট্রাকচালকের সহকারী ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, সকালে স্থানীয় ব্যক্তিরা নদে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, ওই তরুণের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।