ইজিবাইকের চালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে বাগেরহাটের মোল্লাহাটে যাত্রী নিয়ে এসে খুন হয়েছেন রাসেল সরদার (২১) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ মোল্লাহাট উপজেলার জয়ডিহি মাদ্রাসা এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করে।
গতকাল শুক্রবার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় নিহত রাসেলের বাবা মোশারেফ সরদার বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা করেছেন। পুলিশ লাবনী বেগম (২৫) নামে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার থুকরা গ্রামের তপু বিশ্বাসের স্ত্রী। রাসেলের বাড়ি একই উপজেলার সাহাপুর গ্রামে।
নিহত ব্যক্তির বাবা মোশারেফ সরদার বলেন, ‘মঙ্গলবার সকালে তপু মোল্লাহাটে তাঁর শ্বশুরবাড়ি আসার জন্য রাসেলের ইজিবাইক ভাড়া করেন। রাতে রাসেল বাড়িতে ফিরে না আসায় আমরা রাসেলের ফোনে ফোন করে তা বন্ধ পাই। বুধবার ছেলেকে খুঁজতে মোল্লাহাটে যাই। সেখানে তাঁকে না পেয়ে পুলিশকে ঘটনা জানাই এবং রাসেলের ইজিবাইকের খোঁজ পাই। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ রাসেলের লাশ উদ্ধার করে।’