ইজিবাইকের চালককে গলা কেটে হত্যা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকায় একটি ইজিবাইকের চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। গত শনিবার দিবাগত রাতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সুলতান উদ্দিন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।
নিহত চালক হলেন উপজেলার ধোলাসাধু খাঁ গ্রামের ইদ্রিস আলীর ছেলে রবিউল ইসলাম (৩২)। তিনি কালীগঞ্জ পৌর এলাকার থানার সামনের স্ট্যান্ডে ভাড়ায় ইজিবাইক চালাতেন।
পুলিশ ও নিহত রবিউলের পরিবার সূত্র জানায়, শনিবার বিকেলে সুলতান উদ্দিন নরসিংদীর পলাশ উপজেলায় একটি ইজিবাইক বিক্রি করতে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন আটক করে পলাশ থানার পুলিশের কাছে তাঁকে সোপর্দ করেন। পরে পলাশ থানা থেকে কালীগঞ্জ থানাকে বিষয়টি জানালে সেখানকার পুলিশ সুলতানকে আটক করে নিয়ে যায়। এর মধ্যেই রবিউল ইসলাম নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর পরিবারের লোকজন থানায় অভিযোগ দিতে আসেন। এর সূত্র ধরে আটক সুলতানকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে সুলতান পুলিশকে বলেন, শুক্রবার রাত আটটার দিকে তিনি ও তাঁর দুই সহযোগী মিলে কালীগঞ্জ থানার সামনে থেকে পলাশ উপজেলায় যাওয়ার কথা বলে ইজিবাইকটি ভাড়া নেন। পরে রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ঘোনাপাড়ায় একটি জঙ্গলে চালককে গলা কেটে হত্যার পর ইজিবাইকটি নিয়ে যান তাঁরা। পুলিশ জানায়, সুলতানের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার দিবাগত রাত দুইটার দিকে ওই স্থান থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, ‘অন্যদের আটকের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’