ইজিবাইকের ৩ শোরুমকে জরিমানা
খুলনা নগরে ইজিবাইকের তিনটি শোরুম ও কারখানাকে অবৈধভাবে ইজিবাইক তৈরি ও যন্ত্রাংশ সংযোজনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই আদালত খুলনায় ভারতীয় ভিসা অফিস থেকে হাতেনাতে দুই দালালকে আটক করে ১ সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আজ সোমবার জেলা প্রশাসন খুলনার নির্বাহী হাকিম আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সঙ্গে ছিলেন বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইফুর রহমান। অভিযানে সহায়তা দেয় মহানগর পুলিশ।
আতিকুল ইসলাম বলেন, খুলনা শহরে এ মুহূর্তে ইজিবাইকের সংখ্যা ৪০ থেকে ৫০ হাজার হবে। এগুলো শহরের যাতায়াতব্যবস্থাকে বিশৃঙ্খল করে তুলছে। জরিমানা করা শোরুমগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। ইজিবাইক তৈরির কোনো অনুমোদন এদের নেই। তাই তাদের এগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে পরবর্তী সময়ে সিলগালা করে জিনিসপত্র জব্দ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এই তিন প্রতিষ্ঠানের মধ্যে জেআর ট্রেডার্সকে ১০ হাজার, বিফাইন ট্রেডার্সকে ২০ হাজার ও ফ্রেস ট্রেড বিডিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।