ইজ্জত হারালেন ইজ্জত আলী
বগুড়ার ধুনটে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে এক গৃহকর্তা ও গৃহপরিচারিকাকে কারাদণ্ড দিয়েছেন উপজেলার ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ১১টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইজ্জত আলী (৪৫)। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
ধুনট থানার ওসি জিয়াউর রহমান বলেন, অনেক আগে থেকেই ইজ্জত আলীর বাড়িতে ওই গৃহপরিচারিকা কাজ করতেন। সেই সুবাদে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বুধবার রাত নয়টার দিকে গৃহকর্তা ওই গৃহপরিচারিকার বাড়িতে আসেন। পরে স্থানীয় লোকজন রাত ১০টার দিকে তাঁদের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাঁদের আটক করার পর রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় আদালতের বিচারক শুনানি শেষে দুজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানাহাজতে আটক ইজ্জত আলী বলেন, ‘গ্রামবাসী ষড়যন্ত্র করে আমার ইজ্জতের অনেক বড় ক্ষতি করে দিয়েছে।’