ইট চুরি করে 'গিলতে' পারেননি তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের সড়ক সংস্কারের জন্য কয়েক হাজার ইট রেখেছিল টাইগারপাসের বাটালি হিল এলাকায়। কিন্তু সেখানে দায়িত্বরত নিরাপত্তারক্ষী সাইফুল চৌধুরী এক হাজার ইট নিয়ে যান নিজের ঘর তৈরির জন্য। এ কাজে ব্যবহার করেন সিটি করপোরেশনের ট্রাক। এ জন্য ট্রাকচালক মোহাম্মদ ফারুক ও আরেক নিরাপত্তারক্ষী মো. খোকনের সহায়তা নেন তিনি।
তবে শেষ রক্ষা হয়নি। নিজের বাড়ির সামনে ট্রাক থেকে ইট নামানোর সময় সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলমের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনজনই। অবস্থা বেগতিক দেখে সটকে পড়েন দুই নিরাপত্তারক্ষী। করপোরেশনের ইট চুরির দায়ে ট্রাকচালক মোহাম্মদ ফারুককে আটক করে আকবর শাহ থানায় সোপর্দ করেন কাউন্সিলর জহুরুল আলম।
গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরের কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে। সেখানেই নিরাপত্তারক্ষী সাইফুলের বাড়ি। ইট চুরির অভিযোগে তাঁদের তিনজনকে চাকরিচ্যুত করেছে সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘সোমবার বিকেলে কৈবল্যধাম দিয়ে যাচ্ছিলাম। সেখানে সিটি করপোরেশনের ট্রাক থেকে ইট নামানো হচ্ছিল। এ সময় ট্রাকচালক ও অন্যদের জিজ্ঞাসা করি, কী কাজে এসব ইট আনা হয়েছে। কিন্তু তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো দুই নিরাপত্তারক্ষী পালিয়ে যান। ট্রাকচালককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আর বিষয়টি মেয়রকে অবহিত করি।’
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, নগরের সড়ক সংস্কারের জন্য রাখা ইট চুরির অভিযোগে তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা তিনজনই অস্থায়ী ভিত্তিতে করপোরেশনে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় সড়ক তদারককারী মোহাম্মদ মঞ্জুর মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর তাঁর ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কেননা, সাগরিকা স্টোর থেকে ইটগুলো তিনিই উত্তোলন করেছিলেন।