বরগুনার আমতলী উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ইট ছুড়ে মেরে এক গৃহবধূর মুখমণ্ডল থেঁতলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে নাসিমা বেগম (৫৫) নামের ওই নারীর চারটি দাঁত ভেঙে গেছে।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমতলী শহরের হাসপাতাল সড়ক এলাকার বাসিন্দা আলী হোসেন মিয়ার সঙ্গে প্রতিবেশী বিভূতিরঞ্জন চক্রবর্তীর বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল মঙ্গলবার বিভূতিরঞ্জন সীমানা পিলার ঠিক না করে আলী হোসেন মিয়ার জায়গা ঘেঁষে দেয়াল নির্মাণের কাজ শুরু করলে আলী হোসেনের বড় ছেলে হাসানুল বান্না বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বিভূতিরঞ্জন ও তাঁর দুই ছেলে ঘনশ্যাম ও নোবেল নাসিমা বেগমকে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। এতে নাসিমা বেগমের চারটি দাঁত ভেঙে যায়। তিনি অচেতন হয়ে পড়লে প্রথমে তাঁকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুল মোমেন সাদ জানান, ওই নারীর চারটি দাঁত ভেঙে গেছে এবং মুখমণ্ডল থেঁতলে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিভূতিরঞ্জনের বাড়িতে গিয়ে ঘরের মূল দরজায় তালা ঝুলতে দেখা যায়।
এ ঘটনায় নাসিমা বেগমের স্বামী আলী হোসেন বাদী হয়ে আমতলী থানায় বিভূতিরঞ্জন ও তাঁর দুই ছেলেকে আসামি করে মামলা করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।