ইট নিম্নমানের, বালুতে মেশানো হচ্ছে মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে পুলেরহাট থেকে পাটকেলঘাটা কদমতলা পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অ​ভিযোগ পাওয়া গেছে। বগা এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
যশোরের কেশবপুরে পুলেরহাট থেকে পাটকেলঘাটা কদমতলা পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিম্নমানের ইট ব্যবহারের অ​ভিযোগ পাওয়া গেছে। বগা এলাকা থেকে সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

যশোরের কেশবপুরে পুলেরহাট থেকে পাটকেলঘাটা কদমতলা পর্যন্ত সড়ক নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। বালুর সঙ্গে মেশানো হচ্ছে মাটি।
এলজিইডি কেশবপুর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, যশোরের পুলেরহাট থেকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বাজার পর্যন্ত সড়কের পিচ ঢালাইয়ের কাজ যশোরের এলজিইডির কার্যালয় থেকে চারটি গুচ্ছে (গ্রুপ) করা হচ্ছে। এর মধ্যে এলজিইডির কেশবপুর কার্যালয়ের তত্ত্বাবধানে দুটি গুচ্ছের একটিতে কেশবপুরের চাঁদড়া গ্রাম থেকে বগা গ্রামের স্লুইসগেট পর্যন্ত ১০ দশমিক ৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে।
অন্য গুচ্ছে চাঁদড়া থেকে চিংড়া বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১৪ লাখ টাকা। এ কাজ করছে মোজাহার এন্টারপ্রাইজ ও বনান্তর ট্রেডিং। দুটি প্রতিষ্ঠানের মালিক যশোরের চাচড়ার আবু সাঈদ। আর চিংড়া বাজার থেকে বগা স্লুইসগেট পর্যন্ত রাস্তা নির্মাণে ব্যয় হচ্ছে ছয় কোটি টাকা। এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ইকবাল জোয়ারদার ও এনামুল ইসলাম।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, চাঁদড়ায় বিছানোর (ম্যাকাডাম) জন্য রাখা বেশির ভাগ খোয়াই আমা (খারাপ) ইটের। আবার খোয়ার সঙ্গে মাটি মেশানো রয়েছে। কাজের মান নিয়ে প্রশ্ন করলে ঠিকাদারের কাজ তদারককারী রজব আলী বলেন, যা দেওয়া হচ্ছে তা দেখতেই পাচ্ছেন।
উপজেলা প্রকৌশল কার্যালয়ের কার্যসহকারী হাফিজুর রহমান বলেন, ৯৫ শতাংশ কাজ ভালো হচ্ছে।
এ ছাড়া ত্রিমোহিনী শ্মশানের কাছে রাস্তায় মাটিমিশ্রিত বালু ফেলতে দেখা যায়। এখানে কাজে নিয়োজিত দুজন শ্রমিক বলেন, বালুর পরিবর্তে রাস্তায় মাটি ব্যবহার করা হচ্ছে। ত্রিমোহিনী গ্রামের মুজিবর রহমান বলেন, বালুর পরিবর্তে মাটি আর আমা ইট দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে।
ঠিকাদার আবু সাঈদ বলেন, ‘আগের রাস্তার কিছু সাব বেজ (পুরোনো ইট), যা ব্যবহারের উপযোগী নয়। অথচ অফিস থেকে এগুলোকে নতুন দাম ধরে দেওয়া হয়েছে। তাই আমরা এগুলো ব্যবহার করছি।’ তিনি আরও বলেন, ‘আমি যাঁদের কাছ থেকে বালু কিনেছি, তাঁরা কিছু মাটি দিয়েছেন। আমি দেখে সেটি দিতে নিষেধ করেছি।’
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, ‘দুই অংশেই অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে। আমি এর প্রতিবাদ করেছি। আমাকে যশোরের প্রভাবশালীদের নামে ভয় দেখানো হচ্ছে।’
বগা এলাকায় গিয়ে দেখা যায় আমা ইটের খোয়ার স্তূপ। এখানে কাজ করছেন ফজলুর রহমান নামের একজন। তিনি বলেন, ১ নম্বর (সবচেয়ে ভালো) ইটের সঙ্গে আমা ইট না দিলে রাস্তা টাইট (শক্ত) হয় না। ঠিকাদার এনামুল ইসলাম বলেন, ‘শত শত গাড়ি ইট কিনছি। ভাটা থেকে দু-এক গাড়ি ইট খারাপ দিতেই পারে।’
অন্তত সাতজন এলাকাবাসী বলেন, ঠিকাদার নিম্নমানের কাজ করছেন। কেউ যাতে এর প্রতিবাদ না করে, সে জন্য তিনি (ঠিকাদার) এলাকার প্রভাবশালী বাবর আলীকে অর্থের বিনিময়ে ম্যানেজ (হাত) করেছেন।
উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, শিডিউল অনুযায়ী ঠিকাদার পুরোনো ইট ব্যবহার করতে পারেন।