ইটনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আবদুল কুদ্দুস (৩২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুকুরের দখলকে কেন্দ্র করে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার এলংজুরী ইউনিয়নের স্বল্পহাট কবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বল্পহাট কবিলা গ্রামের আবদুল কুদ্দুসের সঙ্গে তাঁর মামা একই গ্রামের রাজা মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি উভয় পক্ষ পুকুরের দখল নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দ্বন্দ্ব আরও বেড়ে যায়। গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে কুদ্দুস তাঁর শ্বশুরবাড়ি মিঠামইন উপজেলার চাঁনপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় গ্রামের কাছে আসামাত্র রাজা মিয়ার লোকজন কুদ্দুসের ওপর দা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। পরে গুরুতর অবস্থায় কুদ্দুসকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা এলাকায় দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
আবদুল কুদ্দুসের চাচাতো ভাই বজলু মিয়া জানান, পুকুর দখলকে কেন্দ্র করে রাজা মিয়ার লোকজন প্রকাশ্যে কুদ্দুসকে পেটায়। এতে কুদ্দুস গুরুতর আহত হয়ে মারা যান।
এ ব্যাপারে কথা বলতে রাজা মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ঘনিষ্ঠজনেরা জানান, পুকুর নিয়ে দ্বন্দ্ব থাকলেও কুদ্দুসের ওপর হামলার বিষয়ে রাজা মিয়ার কোনো হাত ছিল না।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে জানান, এ ঘটনায় কুদ্দুসের পরিবারের পক্ষ থেকে রাজা মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।