ইটনায় ট্রলারে ডাকাতি, আহত ৪, নিখোঁজ ১
কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত ইটনা উপজেলায় ধনু নদে একটি যাত্রীবাহী ট্রলারে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় চার যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় নদে পড়ে গিয়ে এক যাত্রী নিখোঁজ আছেন।
ডাকাতেরা ট্রলারের যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, মুঠোফোনসহ ২৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের হামলায় আহত চার ব্যক্তি হলেন ইটনা উপজেলার করমশি এলাকার মো. নান্টু মিয়া (৪৫), ঢাকার বাংলামোটরের নূর আল-আমিনের ছেলে মো. আরমান মিয়া (১৩), ইটনার জয়সিদ্ধি গ্রামের মো. নুরুন্নবী (৫৫) ও বাচ্চু মিয়া (৪০)। ঘটনার এক দিন পরও নিখোঁজ রয়েছেন আরমানের চাচা বাংলামোটরের নূরুল আলম (৪৮)। এ ঘটনায় গুলিবিদ্ধ দুই যাত্রী নান্টুকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন নান্টু মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়ন থেকে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলারে তিনিসহ ৪০-৫০ জন অতিথি করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরে আসছিলেন। রাত সাতটার দিকে ধনু নদের কাটাখাল এলাকায় পৌঁছানোর পর ছয়-সাতজন সশস্ত্র ডাকাত আরেকটি ডিঙিতে এসে তাঁদের ট্রলারের গতি রোধ করে। পরে তারা ট্রলারে উঠে যাত্রীদের কাছ থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, ২৫টি মুঠোফোনসহ ২৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মালামাল লুট করার সময় কয়েকজন ট্রলারযাত্রী ডাকাতদের বাধা দেন। এতে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে যাত্রীবাহী ট্রলারে যাত্রীদের ওপর হামলা চালায় ও কাটা রাইফেল দিয়ে গুলি ছোড়ে। এ সময় নান্টু মিয়া ও আরমান গুলিবিদ্ধ হন। একপর্যায়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন নূরুল আলম নামের অপর এক যাত্রী।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ যাত্রী নূরুল আলমের সন্ধান মেলেনি। কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার রাতে তাঁকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছিল।