ইটভাটায় অবাধে পুড়ছে কাঠ

আইন অমান্য করে শেরপুরের অধিকাংশ ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। তবে মালিকেরা দাবি করছেন, ভারত থেকে কয়লা না আসায় বাধ্য হয়ে তাঁরা কাঠ ব্যবহার করছেন।
শেরপুরের জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুিন্সখানা (জেএম) শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে জানা গেছে, জেলায় ৩০টি ইটভাটা আছে। এর মধ্যে সাতটি ভাটার লাইসেন্স রয়েছে। ছয়টি ভাটার লাইসেন্স ২০১৪ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে। লাইসেন্সবিহীন ২৩টি ভাটার মালিকেরা লাইসেন্সের জন্য আবেদন করেছেন।
তবে তাঁরা ইটভাটার অনুকূলে পরিবেশগত কোনো ছাড়পত্র জমা দেননি। ৮ ডিসেম্বর জেলা প্রশাসক এসব ভাটার মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশ প্রদানের নির্দেশ দিয়েছেন। ৩০টি ভাটার মধ্যে কমপক্ষে ১৫টি ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে শেরপুর পৌরসভাধীন কালীগঞ্জ এলাকায় অবস্থিত জিহান ব্রিকস কোম্পানি, আরিফা ব্রিকস, আকরাম ব্রিকস, আল আমিন ব্রিকসসহ কয়েকটি ইটভাটায় কাঠের স্তূপ দেখা যায়। ইউক্যালিপটাস, শিশু, শিমুল, মেহগনি, রেইনট্রিসহ গারো পাহাড় থেকে আনা বিভিন্ন কাঠ দিয়ে এসব ভটায় ইট পোড়ানো হচ্ছে। এ সময় বিভিন্ন ভাটায় কাঠবোঝাই অন্তত পাঁচটি ট্রলি দেখা গেছে।
ব্যবসায়ীরা দাবি করেন, তাঁরা বাধ্য হয়ে এ কাজ করছেন। আরিফা ব্রিকসের মালিক আবু আহাম্মদ বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি ভাটা স্থাপন করেছেন। এখন কয়লার অভাবে ভাটা বন্ধ হয়ে গেলে অনেক টাকা লোকসান হবে। শ্রমিকেরা বেকার হয়ে পড়বেন। পাশাপাশি ঋণের টাকা পরিশোধ করতে পারবেন না। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও কাঠ পুড়িয়ে ভাটা চালু রেখেছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি ইটভাটার ব্যবস্থাপক বলেন, একটি ইটভাটায় প্রতিদিন দুই মেট্রিক টন কয়লা লাগে। তবে কয়লা না থাকায় এখন ১৫০ মণের মতো কাঠ লাগছে।
কালীগঞ্জ এলাকার কাঠ ব্যবসায়ী লুৎফুর রহমান বলেন, স্থানীয়ভাবে ও পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে তিনি ইটভাটায় সরবরাহ করেন।
আরিফা ব্রিকসের শ্রমিক হযরত আলী বলেন, এক মাস আগে কয়লা দিয়ে ভাটা শুরু করা হয়েছিল। কিন্তু এখন কয়লা না আসায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে।
জেলা ইটভাটা মালিক সমিতির সহসভাপতি ও মেসার্স আবুল হাসেম ব্রিকসের মালিক আবুল হাসেম বলেন, চলতি মৌসুমের শুরু থেকেই ভারত থেকে কয়লা না আসায় বাধ্য হয়েই ইটভাটা মালিকেরা কাঠ পোড়াচ্ছেন। কয়লার অভাবে অনেক মালিক ভাটা বন্ধ রেখেছেন। কয়লা আমদানি শুরু হলেই কাঠ পোড়ানো বন্ধ হবে বলে তিনি দাবি করেন।
২০১৩ সালের ২০ নভেম্বর প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী বিনা লাইসেন্সে কেউ ইট তৈরি করতে পারবেন না। কোনো ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করতে পারবেন না। করলে তিনি অনধিক তিন বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
শেরপুরের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) অঞ্জন চন্দ্র পাল বলেন, যেসব ভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে, সেসব ভাটার বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।