ইটভাটায় অবৈধভাবে পুড়ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে আইন অমান্য করে প্রায় সব কটি ইটভাটায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কাঠ ও গাড়ির টায়ার। সম্প্রতি সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের আরইউএস ব্রিকস থেকে তোলা ছবি l প্রথম আলো
ঠাকুরগাঁওয়ে আইন অমান্য করে প্রায় সব কটি ইটভাটায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কাঠ ও গাড়ির টায়ার। সম্প্রতি সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের আরইউএস ব্রিকস থেকে তোলা ছবি l প্রথম আলো

আইন লঙ্ঘন করে ঠাকুরগাঁওয়ের ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করা হচ্ছে। এভাবে কাঠ পোড়ানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী, হাইব্রিড হফম্যান, জিগজ্যাগ ও ভার্টিক্যাল শ্যাফট কিলন পদ্ধতির চিমনি বা পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন করতে হবে। এ ছাড়া ইট পোড়ানোর কাজে জ্বালালি কাঠ ব্যবহার করলে তিন বছরের কারাদণ্ড এবং অনধিক তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
জেলা ভাটামালিক সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় ৪৬টি ইটভাটা আছে। এর মধ্যে মাত্র ১১টি ভাটায় পরিবেশসম্মত জিগজ্যাগ চিমনি আছে। আবার জিগজ্যাগ চিমনির ভাটার মালিকদের মধ্যে অনেকেই কয়লার বদলে কাঠ পোড়াচ্ছেন।
সদর উপজেলার ইয়াকুবপুরের আরইউএস, এসকে, রাজাগাঁওয়ের কেএমবি, নারগুনের এসবিএইচ, পৌরসভা ও আকচা ইউনিয়নের এমএবি এবং বালিয়াডাঙ্গী উপজেলার কেয়া ব্রিক্সসহ বিভিন্ন ইটভাটা ঘুরে সেখানে কাঠের স্তূপ দেখা গেছে। আর সেখান থেকে কাঠ নিয়ে ভাটার চুল্লিতে ফেলছেন একদল শ্রমিক।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি ইটভাটার শ্রমিকেরা জানান, নিয়ম অনুযায়ী কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও মূলত কাঠ দিয়েই ইট পোড়ানো হচ্ছে। একটি বড় ইটভাটায় একবারে সাড়ে চার থেকে পাঁচ লাখ ইট পোড়াতে ২২-২৫ দিন সময় লাগে। এ সময় কমপক্ষে ১১ হাজার মণ জ্বালানির প্রয়োজন। আবহাওয়া ভালো থাকলে এক মৌসুমে পাঁচ-ছয়বারে ৪৫-৫০ লাখ ইট পোড়ানো সম্ভব। এ পরিমাণ ইট পোড়াতে ৬৫ থেকে ৬৭ হাজার মণ (প্রায় দুই হাজার ৭০০ মেট্রিক টন) জ্বালানি কাঠ পোড়াতে হয়। সে হিসাবে ঠাকুরগাঁওয়ের তিন থেকে চারটি জিগজ্যাগ চিমনির ভাটা বাদে ৪২টি ভাটায় প্রায় ১৮ হাজার ৯০০ মণ জ্বালািন কাঠ পোড়ানো হচ্ছে।
শহরের ফাড়াবাড়ি সড়কের ঠিকাদার রামবাবুর আরইউএস ব্রিকসে গিয়ে দেখা গেছে, ট্রাক থেকে কাঠের গুঁড়ি ভাটার চুল্লির পাশে ফেলা হচ্ছে। ট্রাকের চালক রফিকুল ইসলাম জানান, তিনি ওই কাঠগুলো বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী থেকে বহন করে এনেছেন।
ভাটার শ্রমিক জাহিদ হোসেন বলেন, এ ভাটায় প্রতিদিন দুই ট্রাক করে কাঠ পোড়ানো হয়। একই মালিকের এসকে নামের ইটভাটায় গিয়ে দেখা গেছে, সেখানে জিগজ্যাগ চিমনিতে কাঠ পোড়ানো হচ্ছে।
রুহিয়া সড়কের ব্র্যাক অফিসের পাশে এমএবি ব্রিকসের মালিক আনোয়ার হোসেন তাঁর ভাটার পাশে করাতকল বসিয়েছেন। সেসব করাতকলে চেরাই করা কাঠ সরাসরি চলে যাচ্ছে তাঁদের ভাটায়।
ভাটামালিক রামবাবু বলেন, কয়লার সংকটের কারণে ভাটায় জ্বালািন হিসেবে কাঠ পোড়াতে হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গণি বলেন, ‘আইন লঙ্ঘন করে ঠাকুরগাঁওয়ের প্রায় সব ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে জানতে পেরেছি। কিন্তু জনবল ও নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় সঠিক সময়ে অভিযান পরিচালনা করা যাচ্ছে না।’
জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস বলেন, জেলার ইটভাটাগুলো কঠোর নজরদারিতে রয়েছে। কাঠ পোড়ানোর ঘটনা প্রশাসনের নজরে এসেছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।