ইটভাটায় পুড়ছে কাঠ
পরিবেশ অধিদপ্তরের অনাপত্তি সনদ ছাড়াই চার বছর ধরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদার বাদামতলী এলাকায় চলছে ‘ভাই ভাই ব্রিকস্’ নামের একটি ইটভাটা। শুধু তাই নয়, ভাটাটিতে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ ও পুরোনো টায়ার।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সোনাপুর-সুবর্ণচর (চর জব্বার) সড়কের পূর্ব পাশে চর ওয়াপদা গ্রামের বাদামতলীর ইটভাটাটিতে পরিবেশবান্ধব চিমনির পরিবর্তে ‘ড্রাম চিমনি’ ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছে।
ভাটা ঘুরে কোথায়ও কয়লা দেখা যায়নি। ভাটার চারদিকে কাঠ স্তূপ করে রাখা হয়েছে। কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, প্রতি মৌসুমে এ ভাটায় প্রায় পাঁচ হাজার মণ কাঠ পোড়ানো হয়।
চর ওয়াপদা গ্রামের বাসিন্দা আবদুল জলিল অভিযোগ করেন, ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালুতে বাড়িঘরে থাকা দায়। ভাটার মালিকেরা অর্থশালী হওয়ায় এলাকার লোকজন প্রতিবাদ করার সাহস পান না।
আইন অনুযায়ী জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো নিষিদ্ধ।
ইটভাটার মালিক আবুল হাশেম দাবি করেন, পরিবেশসম্মত ইটভাটা তৈরি করতে প্রায় ২০ লাখ ইটের প্রয়োজন। একসঙ্গে এত ইট কিনে ইটভাটা করা কঠিন। তাই পরিবেশসম্মত ভাটা তৈরির জন্য ইট পোড়ানো হচ্ছে।
এ ছাড়া ইটভাটা স্থাপনে অনাপত্তি সনদের জন্য পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ে আবেদন করা হয়েছে। শিগগিরই সনদ পেয়ে যাবেন।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘সুবর্ণচরের ভাই ভাই ব্রিকস্ নামের কোনো ইটভাটার আবেদন তাঁর দপ্তরে জমা আছে কি না, তাঁর জানা নেই। তা ছাড়া ড্রাম চিমনি ব্যবহার করে ইটভাটা স্থাপনের কোনো সুযোগ নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান বলেন, গত নভেম্বরে তিনি উপজেলার সব ইটভাটার মালিককে তাঁর কার্যালয়ে ডেকে পরিবেশসম্মত ভাটা পরিচালনার নির্দেশ দিয়েছেন। যেসব ভাটায় বৈধ কাগজপত্র পাওয়া যাবে না, সেসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।