ইটভাটায় বন্দী রেখে শ্রমিকদের 'নির্যাতন'
ঢাকার ধামরাইয়ের একটি ইটভাটার বন্দিদশা থেকে তিন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের একটি কক্ষে আটকে রেখে জোর করে ভাটায় কাজ করানো হচ্ছিল। ভাটাটির কোনো অনুমোদন নেই বলেও জানা গেছে।
উদ্ধার হওয়া শ্রমিকেরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মইনুল ইসলাম (৩৫), কালীগঞ্জের আল-আমিন মিয়া (২০) ও শ্যামনগর উপজেলার থানার খোলা গ্রামের আমিনুর রহমান (২৫)। উদ্ধারের পর থানা থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
ধামরাই থানা-পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতক্ষীরা এলাকার নয়জন শ্রমিক মাস খানেক আগে উপজেলার আমতলা এলাকার স্টোন ব্রিকসে কাজ নেন। কাজে যোগদানের আগে দলনেতার মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হয়। সপ্তাহ খানেক আগে তাঁদের মধ্যে ছয়জন পালিয়ে যান। ভাটার মালিকপক্ষ ছয় দিন আগে মইনুল, আল-আমিন ও আমিনুরকে আটক করে কাজ করাতে থাকেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গত সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নেয়। এরপর তাঁদের ছেড়ে দেওয়া হয়। তবে ভাটার মালিক বা মালিকপক্ষের কাউকে আটক করা সম্ভব হয়নি।
মইনুল ও আমিনুর বলেন, বিরতি না দিয়ে কাজ করানোর কারণে ছয় শ্রমিক পালিয়ে যান। এর পর থেকে তাঁদের রাতে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হতো। দিনে মালিকের লোকজনের প্রহরায় কাজ করানো হতো। তাঁদের সময়মতো খাবারও দেওয়া হতো না। মাঝেমধ্যে নির্যাতনও করা হতো।
ঘটনার পর থেকে গা ঢাকা দেওয়ায় ভাটার মালিক জাহিদুর রহমান বা তাঁর প্রতিনিধির সঙ্গে কথা বলা যায়নি। মুঠোফোনেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ভাটাটির কোনো অনুমোদন নেই। এর পরও শ্রমিকদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ভাটার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।