চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট এলাকায় খননযন্ত্র দিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হবে। সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারের পশ্চিম পাশে তিন ফসলি জমিতে খননযন্ত্র দিয়ে তিন-চার ফুট গভীর করে মাটি কেটে ট্রাক্টর ও ট্রাকে বোঝাই করা হচ্ছে।
মাটি কাটার কাজে নিয়োজিত আবুল কাশেম জানান, পাইন্দং এলাকায় অবস্থিত জে বি ব্রিকস নামের একটি ইটভাটায় এসব মাটি নেওয়া হচ্ছে। তিনি জানান, এক কানি (৪০ শতক) জমির মাটি ২৫ হাজার টাকায় ইটভাটায় বিক্রি করেন জমির মালিকেরা। কোনো কোনো জায়গায় দাম কিছু কম-বেশি হতে পারে।
জেবি ইটভাটার মালিক মো. ফোরকানুল আমিন বলেন, ‘আমরা মাটি কিনে ব্যবসা করি। কৃষকেরা মাটি না বেচলে তো আমরা মাটি আনতে পারব না।’
কয়েকজন মাটি বিক্রেতা বলেন, ধান চাষ করে লাভ হয় না। তাই তাঁরা মাটি বিক্রি করছেন।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ প্রথম আলোকে বলেন, ছয় ইঞ্চি গভীর করে ফসলি জমির মাটি কাটলে উর্বরতা শক্তি নষ্ট হয়। ফলন ভালো হয় না।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক শহীদুল আলম বলেন, জমির মালিকেরা মাটি বিক্রি করলে আইনিভাবে কিছু করার নেই। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে।