ইটভাটার জন্য অবৈধ বিদ্যুৎ লাইন
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নকশার বাইরে গাড়াবাড়িয়া থেকে রামচন্দ্রপুর গ্রাম পর্যন্ত আধা কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করেছে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। টাকার বিনিময়ে জামায়াতে ইসলামীর নেতাদের একটি ইটভাটার জন্য ওই অবৈধ লাইন স্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মহেশপুর উপজেলা বিদ্যুৎ উন্নয়ন কার্যালয় সূত্রে জানা যায়, মহেশপুর শহরের পূর্ব পাশে পৌরসভা শেষ হয়েছে গাড়াবাড়িয়া গ্রামে। এরপর আজমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম। গত সেপ্টেম্বর মাসে ২১ শহর উন্নয়ন প্রকল্পের আওতায় মহেশপুর পৌর এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ হয়। নকশাতে কাজ ছিল গাড়াবাড়িয়া গ্রাম পর্যন্ত। ওই গ্রামের মধ্যে থাকা ট্রান্সফরমার থেকে পূর্ব দিকে আজমপুর ইউনিয়ন অভিমুখে পাঁচটি খুঁটি পোঁতার কথা। সেখানে পোঁতা হয়েছে ১৩টি খুঁটি।
গাড়াবাড়িয়া গ্রামের কয়েকজন অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর নেতাদের ইটভাটায় বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য ওই লাইন স্থাপন করা হয়েছে। পাঁচটি খুঁটি বসানোর কাজ শেষ হয় অক্টোবর মাসে। এরপর কাজের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকেরা ফিরে যান। ডিসেম্বর মাসে আবারও শ্রমিক নিয়োগ করে আরও আটটি খুঁটি বসানো হয়।
সরেজমিনে দেখা যায়, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে একটি ইটভাটা। আমান ব্রিকস নামের এ ভাটার মালিক ২৪ জন, যাঁরা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এর মধ্যে আছেন দলটির পৌর আমির ইসমাইল হোসেন, উপজেলা কমিটির সদস্য রায়হান, কর্মপরিষদ সদস্য এনামুজহির প্রমুখ।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিদ্যুৎ উন্নয়ন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, এখানকার কর্মচারী পরিতোষ কুমারের মাধ্যমে যোগাযোগ করে জামায়াত নেতারা ওই লাইন নিয়েছেন। এ জন্য খুঁটিপ্রতি ১৫ হাজার টাকা দেওয়ার কথা। ১০টি খুঁটির জন্য ১ লাখ ৫০ হাজার টাকায় চুক্তি হয়েছে। ইতিমধ্যে ৯০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।
জানা যায়, ১০টি খুঁটির জায়গায় আটটি খুঁটি দেওয়ায় জামায়াত নেতারা বাকি টাকা দিচ্ছেন না। আর টাকা না দেওয়ায় ভাটায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে না।
আমান ব্রিকসের ব্যবস্থাপক কামাল হোসেন জানান, বিদ্যুৎ-সংযোগ নেওয়ার জন্য কার্যালয়ের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আরও দুটি খুঁটির জন্য অপেক্ষা করছেন। কর্তৃপক্ষও অপেক্ষা করতে বলেছে। তবে তিনি টাকার বিনিময়ে লাইন নেওয়ার বিষয়টি স্বীকার করেননি।
পরিতোষ কুমার টাকার বিনিময়ে লাইন বাড়ানোর কথা অস্বীকার করেন। আর ঝিনাইদহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকারের সঙ্গে আলাপ করলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। তিনি বলেন, এ রকম লাইন স্থাপন করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তিনি দ্রুত খোঁজ নিয়ে দেখবেন।