ইটভাটার ধোঁয়ায় ৫০ একর বাগানের ফল নষ্ট!
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ানগাছা গ্রামে ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় ২০ একরের বেশি বাগানের আম এবং ৩০ একর জমির কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ধরনের ফল নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত বাগান মালিকেরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ছাতিয়ানগাছা গ্রামের বেশ কয়েকটি বাগানে আমের পচন ধরেছে। পচন ধরা আম ঝরে পড়ছে। একইসঙ্গে লিচু, কাঁঠাল, কলাসহ অন্যান্য ফলেও পচন ধরেছে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত বাগানমালিক কাজেম আলী বলেন, ‘আমার ১৮ বিঘা জমির বাগানের অধিকাংশ আম পচে গেছে ইটভাটার বাতাসে। আমার সংসারে আয়ের একমাত্র উৎস আমের বাগান। আম নষ্ট হওয়ায় এবার পথে বসতে হবে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘ইটভাটার বাতাসের কারণে অনেক সময় ফলের ক্ষতি হয়ে থাকে। ছাতিয়ানগাছায় কেন আমসহ অন্যান্য ফল নষ্ট হচ্ছে, তা পরীক্ষা করে দেখতে হবে।’
ইটভাটার মালিক এম এ আলিম বলেন, ‘কেন ফল নষ্ট হচ্ছে, তা পরীক্ষা করে বের করা হোক। যদি ভাটার জন্য ক্ষতি হয়ে থাকে, তাহলে তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।’