ইটভাটার ব্যবস্থাপককে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ইটভাটার ব্যবস্থাপককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের দরগা সড়কে এ ঘটনা ঘটে। আহত মো. নাছির উদ্দিনকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা গ্রামে।
মির্জাখিল এলাকার দরবার ইটভাটার মালিক মো. মহিউদ্দিন জানান, তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নাছির উদ্দিন সোমবার রাত নয়টার দিকে বাইসাইকেল নিয়ে ইটভাটা থেকে বের হয়ে বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন। দরগা সড়কের চিতাখোলা এলাকায় দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। এরপর নাছিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় তারা। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, মির্জাখিল এলাকায় ইটভাটার ব্যবস্থাপককে কুপিয়ে জখম করার বিষয়ে কেউ থানায় কিছু জানাননি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।