ইটভাটার মাটি খুঁড়ে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অপহরণের’ দুই মাস চার দিন পর হাফিজা খাতুন (৩৮) নামের এক নারীর লাশ বগুড়ার শেরপুর উপজেলার ইটালী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার ওই গ্রামের একটি ইটভাটার মাটি খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
হাফিজা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাসখুকসিয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, হাফিজা কাজীপুর থেকে গত ২২ আগস্ট শেরপুরের ছোনকা এলাকায় আসেন। ২৪ আগস্ট থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর জহুরুল বাদী হয়ে কাজীপুর থানায় একটি অপহরণ মামলা করেন।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাজীপুর থানার উপপরিদর্শক (এসআই) আশফাকুর রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে গত শনিবার সকালে ইটালী গ্রামের মালেকা খাতুন (৬০) ও তাঁর ছেলে মাসুদ রানাকে (২৮) আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যমতে, গতকাল বেলা দুইটার দিকে ইটালী গ্রামের এমআরবি নামের একটি ইটভাটার মধ্যে হাফিজার লাশ পুঁতে রাখার স্থান শনাক্ত করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে গতকাল দুপুরে শেরপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের উপস্থিতিতে মাটি খুঁড়ে হাফিজার লাশ উত্তোলন করা হয়।
এ ব্যাপারে মালেকা জানান, ওই ইটভাটার ব্যবস্থাপক শেরপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা মো. রোকনুজ্জামানের (৪০) সঙ্গে হাফিজার পরিচয় ছিল। মাঝেমধ্যে তাঁরা স্বামী-স্ত্রীর পরিচয়ে তাঁর বাড়িতে আসতেন। গত আট মাসে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁর বাড়িতে চারবার এসেছেন। প্রায় দুই মাস আগে একদিন সকালে তাঁর বাড়িতেই মারা যান হাফিজা। এরপর রোকনুজ্জামান লাশটি রাতের অন্ধকারে ইটভাটার মধ্যে গোপনে পুঁতে রাখেন।
এ ব্যাপারে কথা বলতে রোকনুজ্জামানের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় তাঁর ভাই স্বপনের স্ত্রী নাজমা খাতুন জানান, দু-তিন দিন আগে রোকনুজ্জামান স্ত্রী রেহেনা খাতুনকে নিয়ে কাজীপুরে গিয়েছেন। পরে রোকনুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, লাশটি ওই ইটভাটার ছয়-সাত ফুট মাটি খুঁড়ে প্রায় গলিত অবস্থায় উদ্ধার করা হয়। ওই নারীর পরনে ছিল সবুজ রঙের শাড়ি।
ওই ইটভাটার মালিক সরোয়ার রহমান জানান, তাঁর ভাটার মধ্যে ওই নারীর লাশ পুঁতে রাখা হয়েছিল কি না, তা তিনি জানতেন না। ওই নারীর সঙ্গে তাঁর ভাটার ব্যবস্থাপকের পরিচয় ছিল বলে তিনি শুনেছেন। রোকনুজ্জামান গত মাসের মাঝামাঝি থেকে ভাটায় যাওয়া বন্ধ করে দেন।