ইটভাটায় শিশু শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো সূর্যের আলো ফোটেনি। কিন্তু ততক্ষণে ছয় বছর বয়সী সাকিব কাজ শুরু করে দিয়েছে। রোজ ৫০০ ইট টানে সে। বিনিময়ে পায় ৫০ টাকা। তার মতো প্রতিদিন প্রায় ৫০০ শিশু কেরানীগঞ্জের ইটভাটায় কাজ করছে। অথচ আইন বলছে, ১২ বছরের নিচের কোনো শিশুকে দিয়ে কাজ করানো যাবে না।
কেরানীগঞ্জের জাজিরার চরে শতাধিক ইটভাটা গড়ে উঠেছে। এসব ইটভাটায় গিয়ে দেখা যায়, প্রতিটি ইটভাটায় ১২ বছরের কম বয়সী এমন শিশুরা কাজ করছে। এসব শিশু ইট তৈরি ও ইট টানার কাজ করে থাকে। প্রত্যেক শিশু ২০ কেজি ওজনের সমান ছয়খানা কাঁচা ইট মাথায় করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বকর প্রথম আলোকে বলেন, ‘কেরানীগঞ্জে ১০০ বেশি ইটের ভাটা আছে। ভাটায় শ্রমিক পাওয়া যায় না। কেরানীগঞ্জ, ফতুল্লা ও সিরাজদিখানের চরে প্রচুর শিশু ইটভাটায় কাজ করছে। কিন্তু আমরা কারখানার মালিকদের বলে দিয়েছি, শিশুদের ইটের কারখানায় কাজ করতে দেবেন না। কিন্তু আমাদের কথা কেউ শোনে না।’
অনুসন্ধানে দেখা গেছে, যে শিশুরা ইটের কারখানায় কাজ করে, তাদের অধিকাংশই এসেছে কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, চাঁদপুর ও শরীয়তপুর থেকে। এই শিশু শ্রমিকদের অভিভাবকদের অনেককে ভাটার মালিকেরা দাদন দিয়েছেন। শিশুদের বাবা-মা কারখানার মালিকদের কাছ ছয় থেকে আট হাজার টাকা নিয়েছেন। এই টাকা নেওয়ার কারণে ইটের কারখানায় কাজ করতে বাধ্য হচ্ছে এসব শিশু। এসব শিশু ভাটাতেই ঘুমায়। ভোরে ঘুম থেকে উঠে চলে যায় ইটখোলায়। টানা কাজ করে বিকেল চারটা পর্যন্ত। এসব শিশু মূলত কাঁচা ইট মাথায় বহন করে। এক হাজার ইট টানলে দেওয়া হয় ১০০ টাকা। অধিকাংশ শিশু প্রতিদিন ৫০০ ইট টানতে পারে।
দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরার চরের এ এম নামের ইটখোলায় কাজ করছে ১০ জন শিশু। তাদের একজন মিলন। তার বয়স সাত বছর। দুই মাস ধরে এ কারখানায় কাজ করছে। তার বাবার নাম তাইজুল ইসলাম। বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। মিলন বলে, ‘আমি ইটখোলার ইট টানি। প্রতিদিন ২০ টাকা কামাই করি। ইট টানি ৩০০।’ মিলনের আরেক ভাই মোস্তাকিম। তার বয়স আট বছর। সেও ভাটায় কাজ করে। তারা দুই ভাই মিলে সপ্তাহে ৪০০-৫০০ টাকা আয় করে। মিলন ও মোস্তাকিম দুজনই স্কুলে যেত। অভাবের তাড়নায় কিশোরগঞ্জ থেকে কেরানীগঞ্জের এই চরে এসেছেন বলে জানান তাদের মা। এই কারখানার মালিক আবদুল ওয়াব প্রথম আলোকে বলেন, ‘কোনো শিশুকে আমি নিয়োগ দিইনি। কে কারখানায় কাজ করবে কি করবে না, তা আমি দেখি না। দেখেন ইটখোলার ম্যানেজার।’
জাজিরার চরের এন বি এম নামের ইটখোলাটির ব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বললেন, ইটের কারখানায় শিশুদের কাজ করানো হচ্ছে। যাদের বয়স একটু বেশি, তাদের দাদনও দেওয়া হচ্ছে। ৮ থেকে ১০ হাজার টাকা দাদন দেওয়া হয়। দাদন নেওয়া এমন একজন শিশু শাহিন। তার বয়স ১১ বছর। সে বলল, ‘আমি দাদন নিয়েছি সাত হাজার টাকা। প্রতিদিন ৮০০ ইট টানি। ১০০ টাকার মতো কামাই করি।’
খোঁজ নিয়ে দেখা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত এই শিশুরা কাজ করে। ইটভাটার মালিকেরা তাদের কোনো খোঁজখবরই রাখেন না। একসঙ্গে ছয়খানা ইট বহন করতে গিয়ে অনেক শিশু দুর্ঘটনায়ও পড়ছে। মাথা থেকে ইট তাদের পায়ে এসে পড়ে। আহত হলে বা অসুস্থ হলে তাদের চিকিৎসারও কোনো ব্যবস্থা নেই।
জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘কারখানার আইন অনুযায়ী ১২ বছর বয়সের নিচের শিশুকে কোনো কাজে নিয়োগ দেওয়া অপরাধ। কেরানীগঞ্জের ইটভাটার মালিকেরা ১২ বছরের নিচের শিশুদের কাজ দিয়ে অপরাধ করেছেন। শিগগিরই ওই সব ইটভাটা পরিদর্শন করা হবে। প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’