স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন অ্যাসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিডেট (ইডিসিএল) বিনা দরপত্রে ওষুধের কাঁচামাল কেনায় প্রতিষ্ঠানটির ৫৪ লাখ ৭২ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সরকারি ক্রয় নীতিমালা লঙ্ঘন করে বিদেশি মালামাল কেনায় ৫২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপিত মহাহিসাব নিরীক্ষকের নিরীক্ষা প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। কমিটি ৩০ দিনের মধ্যে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে তাঁদের কাছ থেকে টাকা আদায়ের সুপারিশ করেছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে ইডিসিএলের ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন এবং ২০১০-১১ অর্থবছরের নিরীক্ষা আপত্তি নিয়ে আলোচনা হয়। হিসাব নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেষণে নিযুক্ত সরকারি কর্মকর্তাকে ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে উচ্চহারে বেতন-ভাতা দেওয়ায় প্রতিষ্ঠানের অতিরিক্ত ২১ লাখ ৭২ হাজার টাকার ক্ষতি হয়েছে। বিধিবহির্ভূতভাবে ইডিসিএলের মুনাফার ২৭ লাখ ৭৫ হাজার টাকা ওয়াকার্স পার্টিসিপেশন ফান্ডে স্থানান্তর করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে ইডিসিএলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের স্বতন্ত্র বেতন স্কেল দেওয়ায় প্রতিষ্ঠানের পাঁচ কোটি ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওষুধ তৈরিতে গ্রহণযোগ্য মাত্রার অতিরিক্ত কাঁচামাল অপচয় করায় এক কোটি ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।