ইডেন কলেজের ছাত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
বাগেরহাটের মোল্লাহাটে শরীফা আক্তার ওরফে পুতুল (২১) হত্যার দায়ে তাঁর স্বামীর মৃত্যুদণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার এই হত্যা মামলার রায়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান এই দণ্ডদেশ দেন।
শরীফা রাজধানীর ইডেন কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর দৈবকান্দি গ্রামে।
শরীফার মৃত্যুদণ্ড পাওয়া স্বামীর নাম শিকদার মাহমুদুল আলম (৩৫)। তাঁর বাড়ি একই গ্রামে। জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন তিনি।
মামলার বিবরণের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহাম্মদ আলী বলেন, বিয়ের কিছুদিনের মধ্যে ২০১৩ সালের ১৩ মে দিবাগত রাতে পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে শরীফাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন তাঁর স্বামী। পরে তিনি থানায় গিয়ে স্ত্রীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেন।
ঘটনার পর দিন মাহমুদুল আলমের বিরুদ্ধে মোল্লাহাট থানায় হত্যা মামলা করেন শরীফার বাবা আবু দাউদ। একই বছরের ১০ নভেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেছেন আদালত।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শরীফার বাবা আবু দাউদ। তবে তিনি মাহমুদুল আলমকে দ্রুত গ্রেপ্তার করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।