ইডেন কলেজের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারি থানা এলাকার এক বাসা থেকে আজ বুধবার সন্ধ্যায় শাপলা পারভীন (২২) নামের ইডেন কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শাপলা ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স পর্বের ছাত্রী ছিলেন।
ওয়ারি থানার পুলিশ জানায়, ওয়ারির ভজহরি সাহা স্ট্রিট এলাকায় একটি বাড়ির ছয়তলার বাসায় মেসে ভাড়া থাকতেন শাপলা। খবর পেয়ে আজ সন্ধ্যা ছয়টার দিকে ওই বাসার বাথরুমের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত ছিল।
ওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেহাদ হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে এ মৃত্যুকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।