ইডেন কলেজের ছাত্রীর 'আত্মহত্যা'
রাজধানীর বনশ্রীতে মেহজাবিন ইসলাম সানিয়া (২৫) নামে ইডেন কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তিনি ইডেন কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন।
মেহজাবিনের বাবা রফিকুল ইসলাম বলেন, দক্ষিণ বনশ্রীর একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন তাঁরা। তিনি দাবি করেন, আজ সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে মেহজাবিন গলায় ফাঁস দেন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া একটার দিকে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মেহজাবিনের মৃতদেহ মর্গে রয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে তাঁর পরিবারে কেউ কিছু জানাতে পারেননি।