ইডেন কলেজের সাবেক অধ্যাপককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী হোসেন মালিক
আলী হোসেন মালিক

রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বহুতল ভবন থেকে ইডেন কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন মালিককে (৬৮) হাত-পা বেঁধে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ ওই ভবনের চারতলা থেকে তাঁর লাশ উদ্ধার করে। তিনি ওই ভবন দেখাশোনা করতেন।
স্থানীয় লোকজন বলেছেন, শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর বনানী ডিওএইচএসের ২ নম্বর সড়কের ওই বহুতল ভবনের দেখাশোনার দায়িত্ব নেন আলী হোসেন। বাড়ির দুই তত্ত্বাবধায়ক সেলিম মিয়া ও সাইফুল চতুর্থ তলার একটি ফ্ল্যাটের একটি কক্ষে থাকেন। আলী হোসেন ওই ফ্ল্যাটের আরেকটি কক্ষে বসতেন ও মিরপুরে বাসায় না ফিরলে সেখানেই থাকতেন। পুলিশ সেলিমকে আটক করেছে। সাইফুল পলাতক।
আলী হোসেনের ভায়রা মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ইডেন মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আলী হোসেন সাত-আট বছর আগে অবসর নেন। এর আগে দীর্ঘদিন তিনি কবি নজরুল কলেজে শিক্ষকতা করেছেন। গত এক-দেড় বছর তিনি ওই বাড়ির দেখাশোনার দায়িত্ব নেন। তিনি স্ত্রী, এক ছেলেসহ মিরপুর-১০ নম্বরে থাকতেন।
বনানী ডিওএইচএস পরিষদের নিরাপত্তা ও নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) শেখ মো. সামসুল হক বলেন, গতকাল সকাল সোয়া নয়টার দিকে তিনি হত্যাকাণ্ডের খবর পান। ভবনটির চারতলার ফ্ল্যাটের দক্ষিণ-পূর্ব কোনার কক্ষের বিছানায় আলী হোসেনের লাশ ছিল। তাঁর হাত-পা বাঁধা ও মুখ স্কচটেপ দিয়ে মোড়া ছিল। তাঁর ডান হাত ও ডান পাঁজরে ছুরিকাঘাতের একাধিক ক্ষত দেখা গেছে। বিছানায় রক্তমাখা একটি ছুরিও পাওয়া গেছে। তিনি বলেন, পাশের একটি কক্ষে থাকেন সেলিম ও সাইফুল। ঘটনার পর থেকে সাইফুলের মুঠোফোন বন্ধ, তাঁকে পাওয়া যাচ্ছে না।
স্থানীয় লোকজন বলেছেন, ওই বাড়ির মালিক সৈয়দ হায়াতুজ্জামান একজন ব্যবসায়ী। এক বছর আগে বাড়িটির কয়েক তলার নির্মাণকাজ শেষ হলেও এখনো কিছু কাজ বাকি আছে। হায়াতুজ্জামান পরিবারসহ চতুর্থ তলাতেই থাকতেন। তিন-চার মাস আগে তিনি সপরিবার অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকে চতুর্থ তলায় আলী হোসেন ও দুই তত্ত্বাবধায়ক থাকতেন। বাড়ির অন্যান্য তলায় কেউ থাকে না।
বনানী ডিওএইচএসের ওই অংশ পড়েছে ভাসানটেক থানা এলাকায়। ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। এর সঙ্গে ওই ভবনের লোকজন জড়িত। সেলিম মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আলী হোসেনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।