ইডেন কলেজের হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধার
ইডেন মহিলা কলেজের আবাসিক হলের পড়ার ঘর থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে জান্নাতুল ফেরদৌস নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি ইডেন কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
লালবাগ থানার পুলিশ জানায়, জান্নাতুল ফেরদৌস ইডেন কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হোস্টেলের ২১০ নম্বর কক্ষে থাকতেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে লালবাগ থানার পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জান্নাতুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে লালবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের চিরিরবন্দরের দগরে। তাঁর বাবা মৃত জয়নাল আবেদীন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, কলেজ কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ আবাসিক হোস্টেলের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় জান্নাতুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পড়ার ঘরের দরজা খোলা ছিল। তবে ওই পড়ার ঘরে অন্য কেউ ছিল না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।
মৃত্যুর খবরে মর্গে আসা জান্নাতুলের ভাই আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, ‘আমরা গ্রামের বাড়িতে থাকি, এই মৃত্যুর ব্যাপারে আমরা কিছুই জানি না।’