ইতালি থেকে আড়ি পাতার প্রযুক্তি কেনার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি ইতালীয় কোম্পানির কাছ থেকে মোবাইল ফোনে আড়ি পাতা ও কম্পিউটারে তথ্য সংগ্রহের প্রযুক্তি কিনছে বলে রাশিয়ান টেলিভিশনের (আরটি) অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, একটি ইসরায়েলি কোম্পানির সঙ্গে যৌথভাবে এ প্রযুক্তি তৈরি করে ইতালির কোম্পানিটি তা বাজারজাত করছে। এ প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে এবং অন্য উপায়ে যেকোনো ব্যক্তির স্মার্টফোন ও কম্পিউটার থেকে যাবতীয় তথ্য এবং কথোপকথন শোনা যাবে। ৯ জুলাই ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রযুক্তি কেনার ব্যাপারে জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের অন্য একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ ধরনের সরঞ্জাম কেনার প্রস্তাব নিয়ে একটি বিদেশি কোম্পানির একজন প্রতিনিধি তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু ওই সরঞ্জাম কেনা হবে—এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।
আরটির প্রতিবেদনে বলা হয়, এই প্রতিষ্ঠানের কাছ থেকে যে প্রযুক্তিসামগ্রী কেনা হচ্ছে, সেটা ইসরায়েলি কোম্পানি নাইস সিস্টেমের তৈরি। এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী আড়ি পাতার গোপন সরঞ্জাম বিক্রি করে থাকে। আড়ি পাতা সরঞ্জামের কার্যক্ষমতা হাতে-কলমে দেখাতে প্রতিষ্ঠানটির একজন প্রতিনিধি ঢাকা সফর করে গেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে প্রযুক্তিবিক্রেতা কোম্পানি সম্পর্কে বলা হয়েছে, মূল কোম্পানি ‘হ্যাকিং টিম’-এর অন্যতম করপোরেট সহযোগী হচ্ছে ‘নাইস সিস্টেমস’। ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে নাইস সিস্টেমসের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) বারাক ইলাম ইসরায়েলি সেনাবাহিনীর স্পেশাল গোয়েন্দা ইউনিট ‘সিগন্যালস ইন্টেলিজেন্স কোর’-এর সাবেক কর্মকর্তা। তিনি বিশ্বব্যাপী কোম্পানিটির ব্যবসা প্রসারে কাজ করেন। হ্যাকিং টিম ও নাইস সিস্টেমস গোপনে এ প্রযুক্তি বিক্রি করে এলেও কখনো তা স্বীকার করেনি।
খবরটির উৎস সম্পর্কে আরটির প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগে হ্যাকিং টিম কোম্পানির বেশ কিছু গোপন ই-মেইল হ্যাক করে একটি হ্যাকিং গ্রুপ। ওই ই-মেইলে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের সরকার ও সরকারি গোয়েন্দা সংস্থার কাছে গোপন প্রযুক্তি বিক্রি ও ব্যবহারের তথ্য রয়েছে। এসব দেশের মধ্যে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, কুয়েত, দক্ষিণ কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র রয়েছে। গত শুক্রবার ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভির এক খবরে বলা হয়, মনমোহন সরকারের আমলে এই কোম্পানির কাছ থেকে আড়ি পাতার সরঞ্জাম কিনেছে ভারত।
গোপনে হ্যাক করা ই-মেইল থেকে জানা যায়, বাংলাদেশ থেকে হ্যাকিং টিমের একজন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানটিকে জানিয়েছেন, র‌্যাবের কাছে ওই প্রযুক্তি এবং প্রয়োজনীয় সরঞ্জামের যাবতীয় কাগজপত্র তিনি হস্তান্তর করেছেন। ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে এটি বিক্রি করার চেষ্টাও তিনি করছেন।
র‌্যাবের কাছে ই-মেইল আড়ি পাতা যন্ত্র বিক্রয় বিষয়ে জনৈক সাইফুল খন্দকার ২০১৫ সালের ১১ জুন ইতালির হ্যাকিং টিম কর্মকর্তা মি. অ্যালেসান্দ্রো স্কারাফাইলের কাছে একটি ই-মেইল প্রেরণ করেন। এর অনুলিপি ড্যানিয়েল ম্যাগলিয়েত্তা এবং ওয়াল্টার ফুরলানকে দেওয়া হয়। ফার্স্টলুকডটঅর্গে প্রকাশিত এই ই-মেইলটির শিরোনাম ‘লফুল হ্যাকিং’ বা আইনসম্মত হ্যাকিং। সাইফুল খন্দকার এতে লিখেছেন, ‘আমি আপনাদের সবাইকে হালনাগাদ তথ্য দিতে চাই। আমরা আনুষ্ঠানিকভাবে বিডিং পেপার জমা দিয়েছি। বর্তমানে আমরা আমাদের ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে র‌্যাব যাতে অফারটি গ্রহণ করে, সে জন্য তদবির করছি। আমরা তাদের সিদ্ধান্তের বিষয়ে জানামাত্রই আপনাদের অবহিত করব।’
ওই ওয়েবসাইটে প্রখ্যাত স্কটিশ সাংবাদিক রায়ান গ্যালাঘার লিখেছেন, ‘গত রোববার হ্যাকাররা ইতালির বহুল আলোচিত “হ্যাকিং টিমের” ওপর এক সাইবার হামলা চালিয়ে বিপুলসংখ্যক ই-মেইল উদ্ধার করতে সক্ষম হয়। এতে দেখা যায়, বাংলাদেশের র‌্যাবের কাছে তারা ই-মেইল আহরণ প্রযুক্তি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। র‌্যাব হ্যাকার টিমকে বাংলাদেশে তাদের প্রযুক্তির একটি বাস্তব প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানিয়েছিল।’
ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়, গত মে মাসে হ্যাকিং টিমের একজন প্রতিনিধি তাদের স্পাই প্রযুক্তি প্রদর্শনের জন্য ঢাকায় র‌্যাব সদর দফতর পরিদর্শন করেন। র‌্যাব একটি আধা সামরিক সংস্থা, যারা নিষ্ঠুর নির‌্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য পরিচিত। হিউম্যান রাইটস ওয়াচ র‌্যাবকে ডেথ স্কোয়াড হিসেবে বর্ণনা করেছে। এক দশকের বেশি সময় ধরে তারা পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে।
উল্লেখ্য, হ্যাকিং টিম ভারতীয় ও ব্রিটিশ মিডিয়াতেও আলোড়ন তুলেছে। কারণ, ভারত ও ব্রিটেনের কতিপয় সরকারি সংস্থা তাদের কাছ থেকে ওই প্রযুক্তি সংগ্রহের উদ্যোগ নিয়েছিল। ব্রিটেন এটা কেনা থেকে বিরত রয়েছে, কারণ তারা ওই প্রযুক্তির আইনগত বৈধতা সম্পর্কে সন্দিহান। হ্যাকিং টিম নিয়ে ইন্টারনেটে ব্যাপক আলোচনার মূল কারণ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিশ্বের দেশে দেশে কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে সংকল্পবদ্ধ সরকারগুলোর কাছে তাদের অনলাইন আড়ি পাতা যন্ত্র বিক্রি করে আসছে। এর আগে খবর বেরিয়েছিল, এই প্রযুক্তি ওই সব দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে জব্দ করার কাজে ব্যবহার করা হচ্ছে।
হ্যাকিং টিম যাদের কাছে তাদের ওই প্রযুক্তি বিক্রি করেছে তার মধ্যে কলম্বিয়া, কাতার, ইসরায়েল, সৌদি আরব, চিলি, হাঙ্গেরি, নাইজেরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাম আছে।
আরটির প্রতিবেদনে র‌্যাবকে ‘ডেথ স্কোয়াড’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এটি একটি বর্বর বাহিনী, যারা বিচারবহির্ভূত হত্যা এবং নির‌্যাতনের জন্য পরিচিত।
এর আগে সুইজারল্যান্ড সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মোবাইল ফোনে আড়ি পাতা এবং নজরদারি করার জন্য র‌্যাবের কেনা আরেকটি সরঞ্জামের চালান আটকে দেয়। ওই চালানটিও ছিল নজরদারির জন্য একটি প্রযুক্তি ও সংশ্লিষ্ট সরঞ্জাম, যা ‘ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেনটিটি (আইএমএসআই) ক্যাচার’ নামে পরিচিত। এটা অত্যন্ত শক্তিশালী গুপ্তচর সরঞ্জাম। এর মাধ্যমে মোবাইল ফোনে আড়ি পাতা যায়। এই প্রযুক্তি সহজে স্থানান্তরযোগ্য এবং গাড়িতে ব্যবহার করা হয়।
গোপনে ওই সরঞ্জাম কেনা হলেও সে খবর জেনে যায় যুক্তরাজ্যভিত্তিক নাগরিক অধিকার সংস্থা প্রাইভেসি ইন্টারন্যাশনাল। নজরদারি সরঞ্জামের রপ্তানি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার জন্য তারা প্রচারণা চালায়। চুক্তি হওয়ার পর র‌্যাবের একটি দল সুইজারল্যান্ডে ওই সরঞ্জামগুলো দেখতে গেলে তাদের পেছনে আড়ি পাতে প্রাইভেসি ইন্টারন্যাশনাল। সুইজারল্যান্ডের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এরপর চালানটি কেনা বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, বাংলাদেশের প্রচলিত আইনে টেলিফোনে আড়ি পাতা বৈধ। টেলিযোগাযোগ আইনের ৯৭(ক) ধারায় বলা হয়েছে, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগ সেবা ব্যবহারকারীর পাঠানো বার্তা ও কথোপকথন প্রতিহত, ধারণ বা এ-সম্পর্কিত তথ্যাদি সংগ্রহে সরকার সময় সময় নির্ধারিত সময়ের জন্য গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা সংস্থা, তদন্তকারী সংস্থা বা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত সংস্থাকে কোনো ক্ষমতা দিতে পারবে।’ তবে বিভিন্ন সময়ে রাজনীতিকদের টেলিফোনের কথোপকথন ফাঁস হওয়ায় রাজনৈতিক বিতর্ক তৈরি হলেও কোনো বাহিনী বা কর্তৃপক্ষ তার দায়দায়িত্ব স্বীকার করেনি।
বিষয়টি নিয়ে সামরিক বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইশফাক এলাহী চৌধুরী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের আইনে এসব সরঞ্জাম কেনা ও ব্যবহারের ক্ষেত্রে কোনো বাধা আমি দেখি না। তবে এ সব সরঞ্জাম কেনার ব্যাপারে অত্যন্ত সতর্ক হওয়া উচিত। পাশাপাশি ব্যক্তিস্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে যাতে ভারসাম্য থাকে, সেদিকে খেয়াল রাখা উচিত।’