ইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির মিলান শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সামসুল হক ওরফে স্বপন (৩৩) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
ইতালির মিলান শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সামসুল হক ওরফে স্বপন (৩৩) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ইতালির মিলান শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সামসুল হক ওরফে স্বপন (৩৩) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি মিলানে একটি রেস্তোরাঁয় কাজ করতেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোরে (বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে) কর্মস্থল থেকে ফেরার পথে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
নিহত সামসুল হক ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালী গ্রামের আবদুস সালাম ব্যাপারীর ছেলে। বছরখানেক আগে তিনি পাশের গ্রামের আইভি আক্তারকে বিয়ে করেন। সর্বশেষ তিন মাস আগে দেশে এসেছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।
নিহত যুবকের পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভোরে সামসুল হক দুই বিদেশি বন্ধুর সঙ্গে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনজন। এ সময় তাঁদের কাছে মাসের বেতনের পুরো টাকা ছিল। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা চাইলে তাঁরা দিতে অস্বীকৃতি জানান। এ সময় ছিনতাইকারীরা তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে সামসুল হক মারা যান। আহত অন্য দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সামসুল হকের ছোট ভাই ফাহাদ প্রথম আলোকে বলেন, গতকাল রাত তিনটার (বাংলাদেশ সময়) দিকে ইতালি থেকে তাঁর ভাইয়ের দুই বন্ধু রাসেল ও আলমগীর তাঁর মাকে এই মৃত্যু সংবাদ জানান। রাসেল ও আলমগীরের বাড়ি পাশের জয়কৃষ্ণপুর ইউনিয়নের কুঠরী গ্রামে। তাঁরা তিনজন একই শহরে থাকতেন।
ফাহাদ বলেন, তাঁর ভাইয়ের লাশ দেশে আনা হবে।