ইতালিপ্রবাসী নারীকে হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নীলি বেগমকে (৪০) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তাঁর ভাতিজাসহ চারজনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
থানা-পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, চর সরিষাবাড়ী গ্রামের ইমাম আলী স্ত্রী নীলি বেগমসহ সপরিবারে ইতালি থাকেন। ১০ দিন আগে তাঁরা দেশে ফেরেন। মঙ্গলবার নীলি বেগম সরিষাবাড়ী পৌর শহরের ধানাটা গ্রামে ভাই রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। পরদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভাতিজা সুমন মিয়ার (২২) সঙ্গে জমি নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে নীলি বেগমের মাথায় আঘাত করার পর পেটে ছুরিকাঘাত করেন সুমন। প্রতিবেশীরা নীলিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।